মিশরবাসীকে রাস্তায় নামার ডাক মুরসিপন্থিদের
মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা পুলিশের দমনাভিযান ব্যর্থ করে দিতে দেশবাসীকে রাস্তায় নামার ডাক দিয়েছে।
রাজধানী কায়রোর দুটো বিক্ষোভ শিবির পুলিশ দমনাভিযান চালিয়ে ভেঙে দেয়ার হুমকি দেয়ার পর মুরসি সমর্থকরা এ বিক্ষোভ ডাকল।
পুলিশ সোমবার ভোর থেকেই দমনাভিযান শুরুর ঘোষণা দিয়েছে। ওদিকে, মুরসরি দল মুসলিম ব্রাদারহুডসহ এর সমর্থকরা একইদিনে দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে।
দেশের সব প্রদেশে সোমবার পায়ে হেটে রাস্তায় নামা এবং যে কোনো জায়গায় সমবেত হওয়ার জন্য মিশরবাসীকে আহ্বান জানিয়েছে তারা।
তাছাড়া, মঙ্গলবারও মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে লাখ লাখ লোকের পদযাত্রা করার কর্মসূচিও এক বিবৃতিতে ঘোষণা করেছে মুরসিপন্থিরা।
চলতি বছরের ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজধানী কায়রোতে অবস্থান শিবির গড়ে তোলে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ করে যাচ্ছে মুরসির হাজার হাজার সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের সদস্যরা। বর্তমানে কায়রোর দুটি স্থান, রাব্বা আল আদাবিয়া মসজিদ চত্বর ও কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে তারা।
রোববার মিশরের নিরাপত্তা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রতিবাদকারীদের ঘিরে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করে তাদেরকে উচ্ছেদ অভিযান চালানো হবে।
অবশ্য আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিক্ষোভকারীরা সহিংস না হলে তাদের বিরুদ্ধে সহিংস ব্যবস্থা নেয়া হবে না।
এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিক্ষোভকারীদেরকে ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে। প্রথমে তাদেরকে সতর্ক করা হবে এবং ঘরে ফিরে যেতে বলা হবে। এরপর যারা যাবে না তাদের বিরুদ্ধে জল কামান এবং টিয়ারগ্যাস ব্যবহার করা হবে।
কিন্তু মুরসি সমর্থকরা দমনাভিযান প্রতিহত করার প্রস্ততি ইতোমধ্যেই নিয়েছে। তারা তাদের অবস্থানগুলোর চারপাশে বালির বস্তা ও বড় বড় পাথরের স্তুপ জমিয়ে শিবিরগুলোকে প্রায় দূর্গ বানিয়ে রেখেছে।
শিবির রক্ষীরা মাথায় মোটরসাইকেল হেলমেট পরে হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। এই শিবিরগুলোতে মুরসি সমর্থকদের শিশু সন্তানরাও আছে।এর মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে শঙ্কা বিরাজ করছে।
মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সহিংসতা ও নিরাপত্তাবাহিনীর অভিযানে মিশরজুড়ে প্রায় ৩শ’ মানুষ নিহত হয়েছে।
