গোর্খাল্যান্ড: মমতা-গুরুংয়ের পাল্টাপাল্টি হুমকি
ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে গোর্খাল্যান্ড গঠনের দাবিতে দার্জিলিংয়ে বনধ ৭২ ঘন্টার মধ্যে শেষ না করলে কঠোর ব্যবস্থা- গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুংকে এ হুমকি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জবাবে বিমল গুরুংও তাকে পাল্টা হুমকি দিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি প্রত্যাহার না করলে দার্জিলিংয়ে জনতা কারফিউ চলবে। কোনো রক্তপাত ঘটলে দায়ী হবেন মমতা। তার দমনপীড়নের রাজনীতি আর সহ্য করা হবে না।
এনডিটিভি জানায়, মমতা শনিবার সকালে গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের বনধ শেষ করার জন্য গোর্খা জনমুক্তি মোর্চাকে সময়সীমা বেঁধে দেন।
মোর্চার ডাকা বনধ অসাংবিধানিক ও বেআইনি উল্লেখ করে তিনি বলেন, “যথেষ্ট হয়েছে। আমরা ৮ দিন ধরে বনধ সহ্য করেছি। ৭২ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার না হলে আমরা যে কোনো নেতারই ডানা ছেঁটে দেব। তা যত লম্বাই হোক না কেন”।
গোর্খা জনমুক্তি মোর্চার বনধের ডাকে গত এক সপ্তাহ ধরে অচল হয়ে আছে দার্জিলিং এর জীবনযাত্রা। দার্জিলিং ও এর পার্শ্ববর্তী জলপাইগুড়ি এলাকা নিয়ে আলাদা গোর্খাল্যান্ড করার দাবি জানিয়ে আসছে জনমুক্তি মোর্চা।
ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি তেলাঙ্গানাকে আলাদা রাজ্যের মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন-বিক্ষোভ আরো জোরদার হয়েছে।
