দাউদ ইব্রাহিম নিয়ে পাকিস্তানের উল্টোসুর
ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিম পাকিস্তানেই লুকিয়ে ছিলেন বলে প্রথম স্বীকারোক্তি দেয়ার কয়েক ঘন্টা পরই তা অস্বীকার করেছে পাক-সরকার।
বার্তা সংস্থা পিটিআই জানায়, শুক্রবার লন্ডনে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিশেষ দূত শহরিয়ার খান জানান, দাউদ পাকিস্তানেই লুকিয়ে ছিলেন।
দাউদ ইব্রাহিম পাকিস্তানে ঢোকার পর তাকে ধরার জন্য অভিযান শুরু হয় এবং পরে দেশ থেকে তাড়িয়ে দেয়া হয়। দাউদ এখন সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারেন বলেও ধারণা প্রকাশ করেন খান।
তিনি বলেন, “দাউদ ইব্রাহিম পাকিস্তানে ছিলেন। কিন্তু আমার মনে হয় তাকে তাড়িয়ে দেয়া হয়েছে।কারণ, তিনি পাকিস্তানে থাকলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হত। আমরা এ ধরনের গ্যাংস্টারদের দেশের ভেতরে থেকে তৎপরতা চালাতে দিতে পারি না।”
এ বক্তব্যের মধ্য দিয়ে পাকিস্তানে দাউদের উপস্থিতির কথাটি প্রথম স্বীকার করেন শাহরিয়ার খান।
কিন্তু এর কয়েক ঘন্টা পরই দাউদের বিষয়টি জানা থাকার কথা অস্বীকার করে খান বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রণালয়ে থাকার সময়ও দাউদের অবস্থান জানতেন না, এখনো জানেন না।দাউদ কখনো পাকিস্তানে ছিলেন কিনা তাও তার জানা নেই।
তিনি কেবলমাত্র পাকিস্তানের মাগণমাধ্যম যা বলেছে তার ভিত্তিতেই কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্ভবত দাউদের বিষয়টি জানত বলে মন্তব্য করেন খান।
১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার চক্রান্তকারী হিসেবে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন দাউদ।ওই সিরিজ বোমা হামলায় ২৫৭জন নিহত ও আহত হন ৭শ’রও বেশি মানুষ।
