পাকিস্তানে দাফনানুষ্ঠানে বোমা হামলা, নিহত ৩০
পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক পুলিশের দাফনানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৫ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার কোয়েটার একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত এক পুলিশ কর্মকর্তার দাফনানুষ্ঠান শুরুর মুহূর্তে এ বোমা হামলা হয়।
আত্মঘাতী হামলাকারী জ্যাকেটের ভেতরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৩০ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছে বলে জানান প্রদেশের চিফ সেক্রেটারি বাবর ইয়াকুব ফতেহ মোহাম্মদ।
দু’সপ্তাহের মধ্যে এটি সরকারের ওপর তৃতীয় দফা প্রাণঘাতী হামলা। কোয়েটা পুলিশের ডিআইজি অপারেশনস ও ডিএসপিসহ এ হামলায় নিহত হন ২১ জন পুলিশ কর্মকর্তা।
দাফনানুষ্ঠানে যোগ দিতে যাওয়া কয়েকজন শিশুও হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছেন ফতেহ। নিহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা তালেবান জঙ্গিসহ বিভিন্ন জাতিগত গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের আখড়া।
হামলার জন্য তালেবান জঙ্গিদেরকেই সন্দেহ করা হচ্ছে। কোয়েটার পুলিশের ওপর এর আগে এরকম ভয়াবহ বোমা হামলা হয়নি।
