২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল করায় হতাশ রাশিয়া

রাশিয়া বলেছে, আগামী মাসে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক বাতিলের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে মস্কো হতাশ হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

রাশিয়া সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

পুতিনের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের এ সিদ্ধান্ত প্রমাণ করেছে, ওয়াশিংটন ‘সমতার ভিত্তিতে’ মস্কোর সঙ্গে সম্পর্কন্নোয়ন করতে পারে না।

আগামী সেপ্টেম্বর মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করার কথা ছিল ওবামার।

খবরে বলা হয়, ওবামা এ বৈঠক বাতিল করলেও জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেবেন।কিন্তু পুতিনের সঙ্গে ওবামার বৈঠক না করার কারণ হিসেবে সরাসরি স্নোডেনের আশ্রয় দেয়ার বিষয়টিকে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র।

স্নোডেন যুক্তরাষ্ট্র সরকারের আড়িপাতার ঘটনা ফাঁস করে দিয়ে পালিয়ে গেছেন। গত সপ্তাহে তাকে সাময়িক আশ্রয় দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র স্নোডেনকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার করতে চায়।
হোয়াইট হাউজের এক উপদেষ্টা বলেছেন, রাশিয়া স্নোডেনকে আশ্রয় দেয়ায় দু’দেশের মধ্যকার উত্তেজনা বেড়েছে।

পুতিনের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ইউরি ইউশাকোভ বলেছেন, স্নোডেনের কারণে রাশিয়ার সঙ্গে এ ধরনের আচরণ করা ঠিক নয়।

তিনি বুধবার মস্কোয় ফোনে এক সংবাদ সম্মেলনে বলেন, “স্নোডেনের ঘটনাটি মোটেই রাশিয়া তৈরি করেনি। পরিস্থিতি বিবেচনায়ই স্নোডেনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

তাছাড়া, রাশিয়া বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের চেষ্টা করলেও ওয়াশিংটন তাতে সাড়া দেয়নি। আর এ ধরনের কোনো চুক্তি না থাকার অজুহাতে তারা রাশিয়ার মাটিতে অপরাধ করা লোকজনকে দেশে ফিরিয়ে দেয়ার মস্কোর অনুরোধেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বলে জানান তিনি।

তবে এরপরও দু’দেশের শীর্ষ নেতাদের বৈঠকের আমন্ত্রণ মস্কো বহাল রাখছে বলে জানান পুতিনের উপদেষ্টা।