২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিতে নোবেলজয়ী ইয়েমেনিকে মিশরে প্রবেশে বাধা

শান্তিতে নোবেল জয়ী ইয়েমেনি নারী তাওয়াক্কুল কারমানকে মিশরে প্রবেশে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রয়টার্স

রয়টার্স

Published : 04 Aug 2013, 10:18 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার যে বিমানে তিনি কায়রো গিয়েছিলেন সে বিমানেই তাকে ফেরত পাঠানো হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছেন, কারমান মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের রাজপথের বিক্ষোভে সমর্থন দিয়েছিলেন। মিশরে প্রবেশ নিষিদ্ধ হওয়া ব্যক্তিদের তালিকায় তার নাম ছিল।

মুরসির দল মুসলিম ব্রাদারহুডের একজন মুখপাত্র জানান, কারমান সম্প্রতি মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে মিশরে বিক্ষোভরতদের সমর্থন দিয়েছেন।

কারমান রোববার তার টুইটার পেইজে জানান, কায়রো বিমান বন্দরে কয়েকজন লেখক ও মানবাধিকাকর্মীকে আটক রাখা হয়েছে। তাদেরকে বিক্ষোভে যোগ দিতে দেয়া হচ্ছে না।

যেসব ব্যক্তির ওপর মিশরে প্রবেশে বাধা রয়েছে কারমান তাদের অন্যতম বলে মেনার খবরে বলা হয়।

২০১১ সালে ইয়েমেনের সাবেক একনায়ক আলি আব্দুল্লাহ সালেহর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর আলোচনায় আসেন দেশটির মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান। প্রথম আরব নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কারও পান এই নারী।

ইয়েমেনে তিনি ‘লৌহ মানবী’ এবং ‘বিপ্লবের জননী’ হিসেবে পরিচিত।

ইয়েমেনের নেতৃত্বস্থানীয় ইসলামপন্থি বিরোধীদল ‘ইসলাহ’র একজন সক্রিয় কর্মী কারমান। তবে দলটির আরেক সদস্য আব্দেল মাজিদ আল জিন্দানির কারণে দলটিকে ‘সতর্কতার’ তালিকায় রেখেছে পশ্চিমা দেশগুলো। জিন্দানি প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের একজন উপদেষ্টা ছিলেন বলে জানা যায়।