মালয়েশিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৪০ ইন্দোনেশীয়
ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার সময় নারী ও শিশুসহ ইন্দোনেশীয় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে ৪০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন।
শনিবার প্রতিবেশি মালয়েশিয়ার জোহর রাজ্য উপকূলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ডন।
বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া উপকূল থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি সাগরে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটিতে ৪৪ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার চারজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যান্য যাত্রীদের খোঁজে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন মালয়েশিয়ার উদ্ধারকারীরা।
মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) কর্মকর্তা আরমান দাউদ জানিয়েছেন, দুটি জাহাজ, চারটি স্পিডবোট ও দুটি হেলিকপ্টার যোগে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ইন্দোনেশিয়ার এসব লোকজন মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করতো বলে মনে করা হচ্ছে। বৈধ সীমান্ত এড়ানোর জন্য তারা বিপদসঙ্কুল সাগর নৌকায় পাড়ি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
যাত্রীরা জোহার রাজ্যের পূর্ব উপকূলের তানজুঙ্গ সেদিলি থেকে ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। যাত্রা শুরু করার আনুমানিক তিন ঘন্টা পর নৌকাটি ডুবে যায়।
