২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিশিয়া সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম

নতুন একটি অরাজনৈতিক সরকার গঠনের জন্য চুক্তিতে পৌঁছতে তিউনিশিয়ার ইসলামপন্থি সরকার এক সপ্তাহ সময় পাবে বলে জানিয়ে দিয়েছে দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলোর ফেডারেশন। অন্যথায় অন্য ব্যবস্থা গ্রহণ করতে ফেডারেশন “বাধ্য হবে” বলে জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Aug 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শুক্রবার তিউনিশিয় টেলিভিশন চ্যানেল নেসমার মাধ্যমে এ আল্টিমেটাম দিয়েছেন তিউনিসিয়া সাধারণ শ্রমিক ইউনিয়নের (ইউজিটিটি) উপনেতা বৌ আলি এমবারকি।

বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, “আমরা আলোচনা চালিয়ে যাব। যদি সরকার পরিবর্তন এবং সাংবিধানিক পরিষদের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দেয়ার দাবি না মানা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও আছে, আর তা গ্রহণ করতে আমরা বাধ্য হব।”

তিউনিশিয়ায় ইউজিটিটি’র সদস্য সংখ্যা ৬ লাখ। শক্তিশালী এই শ্রমিক সংগঠনটি ক্ষমতাসীন ইসলামপন্থি ইন্নাহ্দা পার্টি ও ধর্মনিরপেক্ষ বিরোধীদলের মধ্যে মধ্যস্থতা করছে। বিরোধীদল দেশটির ক্রান্তিকালীন সাংবিধানিক পরিষদ ভেঙে দেয়াসহ সরকারের পদত্যাগ চায়।

গত সপ্তাহে বামপন্থী এক নেতার খুনের মধ্যদিয়ে তিউনিশিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। গত ছয়মাসে এটি দ্বিতীয় শীর্ষ রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশটির আলজেরীয় সীমান্তের কাছে উগ্রপন্থীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলেছে।

এসব ঘটনায় ২০১১ সালে স্বৈরতান্ত্রিক প্রেসিডেন্ট বেন আলির পতনের পর শুরু হওয়া গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিরোধীদলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউজিটিটি, রাজনৈতিক অস্থিরতা নিরসনে আইন পরিষদ রেখে দিয়ে একটি নতুন অরাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব দিয়েছে।

ইউজিটিটি তিউনিশিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিগুলোর অন্যতম। গত সপ্তাহে ফেডারেশনটির ডাকা এক দিনের এক ধর্মঘটে দেশটির কয়েক মিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয় ও ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার দর যে কোনো সময়ের চেয়ে সর্বনিম্ন স্তরে চলে যায়।