ইরাকে জুলাইয়ে নিহত ‘হাজার ছাড়িয়েছে’
বাগদাদের জাতিসংঘ মিশন এক পরিসংখ্যানে ইরাকে গত জুলাই মাসে সহিংসতায় নিহতের সংখ্যা ১,০৫৭ বলে জানিয়েছে।কয়েক বছরের মধ্যে ইরাকে এটিই সবচেয়ে প্রাণঘাতী মাস।
বিবিসি জানায়, এ বছর ইরাকে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৯ হাজার ৮৬৫ জন।সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে বাগদাদ।
ইরাকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বিশেষ প্রতিনিধি জর্জি বাস্টিন বলেছেন, “সাধারণ মানুষের ওপর সহিংসতার প্রভাব বেশি। এটি অত্যন্ত উদ্বেগজনক।এ রক্তক্ষয় বন্ধে রাজনৈতিক নেতাদেরকে অবিলম্বে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে”।
ইরাকে গত ছয় মাসে শিয়া এলাকাগুলোতে সুন্নি জঙ্গিরা একের পর এক হামলা চালিয়েছে।জুলাইয়ে রাস্তায়, ক্যাফেতে, মসজিদে চলেছে সিরিজ বোমা হামলা।জঙ্গিরা দুটো কারাগারেও হামলা চালিয়ে কয়েদিদের মুক্ত করেছে।
বাস্টিন বলেন, ৫ বছরেরও বেশি সময়ের মধ্যে ইরাকে এ বছর জুলাইয়েই নিহতের সংখ্যা সবচেয়ে বেশি।
ওই মাসে ইরাকে ২০৪ জন পুলিশসহ নিহত হয়েছে ৯২৮ জন। এছাড়াও শুধু ইরাকি নিরাপত্তা বাহিনীরই ১২৯ জন সদস্য জুলাইয়ে নিহত হয়েছে।আহত হয়েছে দু’হাজারেরও বেশি মানুষ।
এর মধ্যে কেবল বাগদাদেই মারা গেছে ৯৭৫ জন (বেসামরিক নাগরিক ২৩৮ জন এবং আহত ৭১৯ জন)।বাদবাকি মানুষ হতাহতের ঘটনা ঘটেছে সালাহুদ্দিন, নিনেওয়া, দিয়ালা, কিরকুক এবং আনবারে।
