ড্রোন হামলা বন্ধ করুন: কেরিকে নওয়াজ শরীফ
পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধ করতে বলেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইসলামাবাদ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গি আস্তানায় যুক্তরাষ্ট্রের অবিরাম ড্রোন হামলার ফলে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক খারাপ হয়েছে।
পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযান নিয়ে দেশটিতে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। সরকার এবং জনগণ মনে করে এটি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন।
তাছাড়া, ড্রোন হামলার কারণে হতাহতের ঘটনা ছাড়াও এতে তালেবানদের তৎপরতা আরো বাড়ছে এবং তারা প্রতিশোধ পরায়ন হয়ে উঠছে বলে অভিযোগ পাকিস্তানের।
ফলে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় ধরনের কন্টকাকীর্ণ ইস্যু হয়ে বিরাজ করছে ড্রোন হামলার বিষয়টি।
আর সে কারণেই কেরির পাকিস্তান সফরকালে তার সঙ্গে সাক্ষাতের সময় নওয়াজ শরীফের উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়ে দেন তারা চান যুক্তরাষ্ট্র এ হামলা বন্ধ করুক।
ওদিকে, কেরির সঙ্গে বৈঠককালে শরীফও ড্রোন হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশল বদলানো উচিত।
তবে ড্রোন হামলা নিয়ে পাকিস্তানের উদ্বেগের জবাবে কেরি আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির মতো নেতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্বে এ ধরনের জঙ্গি নেতারাও চ্যালেঞ্জ।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা এবং ২০১১ সালে নেটো বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা হত্যার কারণে ইসলামাবাদের সঙ্গে শীতল হয়ে পড়া সম্পর্ক এবারের সফরে মেরামতের চেষ্টা নেন কেরি।
ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র পরিপূর্ণ-অংশীদারিত্ব গড়ে তুলতে একমত হয়েছে। দু’পক্ষই অতীতের সব উত্তেজনা ভুলে পূর্ণ-অংশীদারিত্বের সম্পর্কের পথে আগানোর ব্যাপারে আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ।
শরীফকে যুক্তরাষ্ট্র সফর করে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করারও আমন্ত্রণ জানান কেরি।
