মুরসি সমর্থকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান
মিশর সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদেরকে কায়রোর বিক্ষোভ শিবির থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছে, তারা লড়াইয়ে ক্ষ্যান্ত দিলে তাদেরকে ‘নিরাপদে এবং সুরক্ষিতভাবে’ চলে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হানি আব্দুল লতিফ রাষ্ট্রীয় টেলিভিশনে বিক্ষোভকারীদের প্রতি এ আহ্বান জানান।
বুধবার মন্ত্রিসভা মুরসি সমর্থকদেরকে মাঠ থেকে হটানোর জন্য পুলিশকে নির্দেশ দেয়ার পর সরকার পক্ষ থেকে এ আহ্বান এল।
বুধবার মিশর মন্ত্রিসভার দেয়া ওই নির্দেশে সহিংসতা বিক্ষুব্ধ দেশটিতে রক্তপাত আরো বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
এ আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার লতিফ জানালেন, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান থেকে সরে গেলে তাদেরকে নিরাপদে চলে যাওয়ার পথ করে দেয়া হবে।
তিনি বলেন, এর নির্ধারিত কোনো দিনক্ষণ নেই। আমরা মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করব।
বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সকালেও সেনা সমর্থিত মন্ত্রিসভার বিক্ষোভ ছত্রভঙ্গ করার হুমকি উপেক্ষা করে প্রতিবাদ বিক্ষোভ চালিয়েছে এবং আরো খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে।
রাজধানী কায়রোর দু’টি স্থানে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ দেখাচ্ছেন মুরসির সমর্থক ও তার দল ব্রাদারহুডের নেতাকর্মীরা। তাদের দাবি, মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল করতে হবে। জীবন বাজি রেখে তারা এ দাবি আদায়ের দৃঢসংকল্প নিয়েছে।
