২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে ট্রেন দুর্ঘটনা: চালক তখন ফোনালাপে

গত সপ্তাহে স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সময় চালক মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। এতে মোড় ঘোরার সময় চালকের অসতর্কতায় উচ্চগতির ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়লে ৭৯ জন যাত্রী নিহত হন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jul 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

মঙ্গলবার ট্রেনের তথ্য সংরক্ষণ ডিভাইসে রেকর্ডকৃত তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে আদালত।

‘ব্ল্যাক বক্স’ নামে পরিচিত তথ্য সংরক্ষক দুটি ডিভাইসের প্রাথমিক পাঠে জানা গেছে, দুর্ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনের চালক ফ্রান্সিসকো গারজন (৫২) রাষ্ট্রীয় ট্রেন পরিচালনা কর্তৃপক্ষ ‘রেনফ্রে’ থেকে একটি ফোনকল পান। রাজধানী মাদ্রিদ থেকে ছেড়ে আসা ট্রেনটির চূড়ান্ত গন্তব্য ফেররোলে যাওয়ার লাইন নিয়ে আলোচনা করতেই চালককে রেনফ্রে থেকে ফোন দেয়া হয়।

উচ্চগতির এই ট্রেনটিতে তখন ২১৮ জন যাত্রী ছিল। ফোন কল পেয়ে কথা বলার সময় চালকের অন্যমনস্কতায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।

আদালত জানিয়েছে, ব্ল্যাক বক্সে সংরক্ষিত আলাপচারিতা ও আশপাশের শব্দ থেকে ধারণা করা হচ্ছে, চালক রেনফ্রের কর্মীর সঙ্গে কথা বলার সময় কোনো মানচিত্র বা কোনো নথি নিয়ে আলাপ করছিলেন।

ট্রেনটি তখন ঘন্টায় ১৯২ কিলোমিটার গতিতে চলছিল। ওই সময় ট্রেনটি এমন একটি বাঁকে চলে আসে যেখানে ট্রেনের গতি হওয়ার কথা ঘন্টায় ৮০ কিমি।

দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে ট্রেনের একটি ব্রেক সচল হয়ে উঠলে আট বগির ট্রেনটির গতি ১৫৩ কিমিতে নেমে আসে, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। প্রচণ্ড গতিতে মোড় ঘোরার সময় ট্রেনটি লাইন থেকে ছিটকে যায়।

ট্রেনের ব্ল্যাক বক্স থেকে এসব বিস্তারিত তথ্য জানা গেছে। ব্ল্যাক বক্স বলা হলেও তথ্য সংরক্ষণ ডিভাইসটি আসলে কালো নয়, কমলা রঙয়ের। এটি ট্রেনের সামনে ও পেছনে বসানো থাকে।

বাঁকের মধ্যে উচ্চগতিতে ট্রেন চালিয়ে নেয়ার দায়ে রুদ্ধদার কক্ষে গারজনের শুনানি চলছে। দুর্ঘটনার জন্য মহূর্তের অসতর্কতাকে দায়ী করেছেন তিনি।

গারজনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করছেন ম্যাজিস্ট্রেট লুইস আলায়েজ, তবে দুর্ঘটনার সময় ট্রেনের ট্রাকে বা নিরাপত্তা ব্যবস্থায়, যা ট্রেনের গতি কমিয়ে দেয়ার কথা, কোনো সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তিনি।

মঙ্গলবারও দুর্ঘটনার আহত ৬৬ জন হাসাপাতালে ছিলেন, এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।