মিশরে সহিংসতা দমনের হুঁশিয়ারি সেনাবাহিনীর
মিশরে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীরা।
শুক্রবার এ কর্মসূচি শুরুর আগেই সেনাবাহিনী হুঁশিয়ার করে বলেছে, সহিংসতা সৃষ্টিকারীদের শক্তি প্রয়োগ করে দমন করা হবে।
মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতি শুক্রবারই জুমার নামাজের পর বিক্ষোভ করে আসছে তার সমর্থকরা। পাল্টা বিক্ষোভ করে আসছে মুরসির বিরোধীরাও।
কিন্তু এবারের শুক্রবারে সেনাবাহিনীর আহ্বানের পর প্রথম পাল্টাপাল্টি বিক্ষোভ হচ্ছে।
গত ২৪ জুলাইয়ে সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি সেনা অভ্যুত্থানের সমর্থনে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন।
‘সন্ত্রাস ও সহিংসতা’ মোকাবেলায় সেনাবাহিনীকে ক্ষমতা দিতে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান তিনি।
কিন্তু মুরসির দল মুসলিম ব্রাদারহুড এ আহ্বান উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
শুক্রবারের বিক্ষোভ কর্মসূচিতে যারা সহিংসতায় লিপ্ত হবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার হুমকি দিয়েছে সেনাবাহিনী।
সামরিক এক কর্মকর্তা বলেছেন, “আমরা আগবাড়িয়ে কোনো পদক্ষেপ নেব না।কিন্তু কেউ কোনোরকম সহিংসতা ডেকে আনলে কিংবা ব্রাদারহুডের নেতা বা সমর্থকদের পক্ষ থেকে কদর্য কোনো সন্ত্রাসী তৎপরতা দেখা গেলে অবশ্যই এর কড়া জবাব দেয়া হবে”।
তিনি জানান, মুসলিম ব্রাদারহুডকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে বিক্ষোভ কর্মসূচির অবসান ঘটিয়ে সামরিক বাহিনী-নির্ধারিত রোডম্যাপ মেনে নিতে হবে ব্রাদারহুডকে।
সেনাবাহিনীর সঙ্গে ব্রাদারহুডের সংঘাতে এ এক নতুন মোড় বলেই মনে করছেন বিম্লেষকরা।
মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে অজ্ঞাতস্থানে আটক রেখেছে সেনাবাহিনী। খুন এবং অপহরণের অভিযোগে তাকে আটক রাখা হয়েছে। ব্রাদারহুড মুরসির বিরুদ্ধে কর্তৃপক্ষের করা সব অভিযোগই ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিয়েছে।
