মেক্সিকোয় পুলিশ-সশস্ত্র দুর্বৃত্ত সংঘর্ষে নিহত ২২
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিশোয়াকান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র দুর্বত্ত তুমুল সংঘর্ষে ২২ জন নিহত হয়েছে।এদের ২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এবং ২ জন পুলিশ কর্মকর্তা।
অস্ত্রধারীরা কয়েকটি যানবাহন দিয়ে সড়ক অবরোধ করে পুলিশের টহল দলের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
এতে ফেডারেল পুলিশের দুই সদস্যসহ অপরাধী দলের ২০ জন নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাদক পাচারের সঙ্গে জড়িত এ দুর্র্বত্তরা নিজেদের মধ্যে লড়াই করা ছাড়াও কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়ছে।
মিশোয়াকান প্রদেশে ২০০৬ সালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন।এতে নিহত হয়েছিল ৭০ হাজারেরও বেশি মানুষ।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো প্রদেশটির আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন নিরাপত্তা কৌশল কাজে লাগানোর চেষ্টা শুরু করায় একের একের পর এক সংঘাতের ঘটনার মধ্যে মঙ্গলবারে ওই হতাহতের ঘটনা ঘটল।
গত মে মাসে পেনা নিয়েটো মিশোয়াকানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সব কর্মকান্ডের দায়িত্বভার দিয়ে একজন জেনারেলকে সেখানে পাঠিয়েছেন।
