ইরাকে সেনা বহরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসূলে সেনাবাহিনীর একটি বহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনা এবং দুই পথচারী নিহত হয়েছেন।
সোমবার সকালে রাজধানী বাগদাদ থেকে ৩৯০ কিলোমিটার উত্তরে মসূলে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মসূলের পূর্বাঞ্চলীয় কোকছালি জেলায় বিস্ফোরক ভর্তি গাড়ী নিয়ে এক আত্মঘাতী হামলাকারী সেনা বহর লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়, এতে গাড়িসহ ওই ব্যক্তি ছিন্নভিন্ন হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য বলেন, “একজন আত্মঘাতী বোমা হামলাকারী বহরটিকে অনুসরন করে আসছিলো। এক পর্যায়ে বহরটি রাস্তার মাঝখানে থামলে এর ঠিক পিছনে থাকা নিজ গাড়িতে সে বিস্ফোরণ ঘটায়।”
ওই বিস্ফোরণে আরো অন্তত ১৮ জন আহত হয়েছেন যাদের অধিকাংশই সেনা সদস্য।
কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়, তবে আল কায়দাই সাধারণত এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।
