২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক জাহাজ পরিদর্শন করবে জাতিসংঘ

পানামায় আটক কিউবার অস্ত্রবাহী উত্তর কোরীয় জাহাজ চঙ্গ চন গ্যাং পরিদর্শন করবে জাতিসংঘের একটি তদন্তকারী দল। এ লক্ষ্যে অগাস্টে তাদের পানামায় যাওয়ার কথা রয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jul 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘণ হচ্ছে বিবেচনায় ঘটনাটিকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে পানমার আটলান্টিক উপকূলে মাদক বহন করা হচ্ছে সন্দেহে চঙ্গ চন গ্যাং জাহাজটি আটক করে পানামা নৌবাহিনী। মালামাল তল্লাশির পর জাহাজটিতে অস্ত্রের চালান আবিষ্কৃত হয়।

পানামা খাল দিয়ে অঘোষিত অস্ত্র চোরাচালানের চেষ্টার দায়ে জাহাজটির ৩৫ জন ক্রুকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে কিউবা এক বিবৃতি দিয়ে অস্ত্রগুলো নিজের বলে স্বীকার করে। তারা জানায়, সোভিয়েত আমলে তৈরি অস্ত্রগুলো মেরামতের জন্য উত্তর কোরিয়ায় পাঠানো হচ্ছিল।

আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করে ব্যালিস্টিক মিসাইল ও নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষার শাস্তি হিসেবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা আছে।

নিষেধাজ্ঞায় দেশটি থেকে সব ধরনের পণ্য রপ্তানি ও অধিকাংশ আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

কিউবা থেকে পাঠানো চিনিবাহী জাহাজে অস্ত্রের চালান পাওয়া যাওয়ায় জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার লঙ্ঘণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আটক অস্ত্রের চালান পরীক্ষা করতে ৫ অগাস্ট জাতিসংঘের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ তদন্তকারী দলের পানামা যাওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পানামার সরকারি কর্মকর্তারা।