মিশরে ব্রাদারহুড নেতাদের সম্পদ জব্দ হচ্ছে
মিশরের সরকারি কৌঁসুলি ১৪ ইসলামপন্থি নেতার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন বলে রোববার জানিয়েছে কয়েকটি বিচারবিভাগীয় সূত্র।
এদের মধ্যে রয়েছেন ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মেদ বাদিয়ে ও তার উপ-প্রধান খায়রাত আল শাতের।
বাদিয়ে ও অন্যান্য ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।ওদিকে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি এখনো আটক হয়ে আছেন।
মুরসি উৎখাত হওয়ার পর থেকে প্রাণঘাতী সংঘর্ষের চলমান তদন্তের মধ্যেই ঊর্ধ্বতন ইসলামপন্থি নেতাদের সম্পত্তি জব্দের এ সিদ্ধান্ত জানালেন সরকারি কৌঁসুলি হিশাম বারাকাত।
মিশরের রাষ্ট্রপরিচালিত চ্যানেল ওয়ান টিভি বলেছে, সম্পত্তি জব্দের কোপানলে পড়েছেন ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির মোহাম্মদ সাদ আল-কাতানি এবং সেইসঙ্গে প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি দলগুলোর ঊর্ধ্বতন সদস্যরাও।
এরই মধ্যে মিশরে গঠিত হতে শুরু করেছে মন্ত্রিসভা। দেশটির নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ি মন্ত্রিসভার ঊর্ধ্বতন পদগুলোতে লোক নিয়োগ শুরু করেছেন। অর্থমন্ত্রী হচ্ছেন উদারনৈতিক অর্তনীতিবিদ আহমেদ গালাল। আর দেশটির সাবেক মার্কিন রাষ্ট্রদূত নাবিল ফাহমি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।
