২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণাঙ্গ হত্যা মামলায় বেকসুর খালাস, যুক্তরাষ্ট্রে নিন্দা-ক্ষোভ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সানফোর্ড শহরে ট্রেভান মার্টিন নামের ১৭ বছর বয়সী এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা মামলায় শনিবার স্বেচ্ছাসেবী প্রহরী জর্জ জিমারম্যানকে বেকসুর খালাস দিয়েছে জুরিবোর্ড।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jul 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

২৯ বছর বয়সী জিমারম্যান একজন শ্বেতাঙ্গ হিস্পানিক।তার পুলিশে নিয়োগ পাওয়ার কথা ছিল।

স্থানীয় এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ার সময়টিতে জিমারম্যান নিজ উদ্যোগে গড়ে তুলেছিলেন স্বেচ্ছাসেবী প্রহরীদল।


মার্টিনের কাছ থেকে হামলার শিকার হয়ে নিজেকে বাঁচাতেই তাকে হত্যা করতে হয়েছিল বলে যুক্তি দিয়েছেন জিমারম্যান।ঘটনাটি ঘটে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারিতে।

তবে সরকারি কৌসুলিরা বলছেন, জিমারম্যান নিজেই ওই নিরস্ত্র কিশোরকে খুঁজে বের করে অযৌক্তিকভাবে তাকে গুলি করে হত্যা করেন। ঘটনাটির প্রায় দেড় বছর পর আদালত জিমারম্যানকে খালাস করে বর্ণবিদ্বেষী রায় দিল।

শনিবার রাত দশটার দিকে এ মামলার রায় ঘোষণার আগে ছয়জন নারী বিচারকের একটি প্যানেল দুই দিনে মোট ষোল ঘন্টা ধরে নিবিড়ভাবে বিচারবিশ্লেষণ করে তাদের সিদ্ধান্ত জানান।

সঙ্গে সঙ্গেই বেশ কিছু নাগরিক অধিকার সংগঠন এ রায়ের নিন্দা জানিয়েছে।যুক্তরাষ্ট্রে বর্ণবাদী দৃষ্টিকোণ নিয়ে তীব্র বিতর্ক উস্কে দিয়েছে এ ঘটনা।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া, শিকাগো, ওয়াশিংটন এবং আটলান্টাসহ বিভিন্ন শহরে স্বতর্স্ফূত বিক্ষোভও হয়েছে।স্যানফোর্ডে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ হত্যা মামলায় দ্বীতিয় সারির খুন কিংবা নরঘাতক হিসাবে যাবজ্জীবন কারদণ্ড হতে পারত জিমারম্যানের।কিন্তু মামলায় জিমারম্যান কোনো অভিযোগেই দোষী সাব্যস্ত হননি।

রায়ের পর বিচারক ডেবোরাহ নেলসন তাকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় জিমারম্যান পাথর কঠিন মুখে দাঁড়িয়ে থাকলেও এরপরেই স্বস্তির হাসির রেখা দেখা যায় তার মুখমন্ডলে।তার বাবা-মা একে অপরকে জড়িয়ে ধরেন এবং তার স্ত্রীর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠে।

“জর্জ জিমারম্যান এর বিরুদ্ধে মামলা হওয়াটা অসম্মানজনক ছিলো বলে আমি মনে করি,” জিমারম্যান এর আইনজীবী ডন ওয়েস্ট বলেন।

এ সময় আদালতকক্ষের বাইরে বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।মার্টিন এর পরিবারকে সমর্থনের জন্য এদিন যে সব বিক্ষোভকারী আদালতের বাইরে জড়ো হয়েছিলেন,এই রায়ের পর তারা ক্ষোভে ফেটে পড়েন।

তাম্পা ওয়্যারহাউসের এক কর্মচারী, ২৫ বছর বয়সী জারেদ হামিল বলেন,“মানুষ রায় শুনে কাঁদছিলো।বিচার ব্যবস্থা যে তাদের কে রক্ষা করতে পারছেনা,তাদের কান্নার মধ্য দিয়ে সেই অসহায়ত্বই প্রকাশ পাচ্ছিলো।”

রায় ঘোষনার সময় মার্টিনের বাবা-মা আদালতে উপস্থিত ছিলেন না। কিন্তু মার্টিনের বাবা ট্রেসি মার্টিন পরে টুইটারে লেখেন, ছেলের জন্য যে যুদ্ধ তারা লড়েছেন, সে জন্য তার ছেলে হয়তো গর্ব বোধ করত।