‘ওষুধ বিক্রি বাড়াতে ঘুষ দিয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন’
ব্রিটেনের সবচেয়ে বড় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইনের কর্মকর্তারা ওষুধ বিক্রি বাড়াতে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছে চীন।
চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গ্লাক্সোস্মিথক্লাইনের বিপুল সংখ্যক কর্মী দীর্ঘদিন ধরেই বিপুল অংকের ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত। এছাড়া বিভিন্ন সময়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে তারা করও ফাঁকি দিয়েছেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
পণ্যের দাম, মান, দুর্নীতি ও ভোক্তা অধিকার নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি বিদেশি কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন সরকার। কিছুদিন আগে সরকারের তরফ থেকে তদন্তের ঘোষণা আসার পর নেসলে ও ডানোন চীনে তাদের শিশুখাদ্যের দাম কমানোর কথা জানায়।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন ২০১৬ সাল নাগাদ জাপানকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওষুধের বাজারে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের আইন অনুযায়ী, তদন্ত শেষ হলেই গ্লাক্সোস্মিথক্লাইনের কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। ঠিক কতজন কর্মকর্তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বা তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি চীনা কর্তৃপক্ষ।
