২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরসির মুক্তি চায় যুক্তরাষ্ট্র

মিশরের ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মুক্তি দেয়ার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Jul 2013, 02:41 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শুক্রবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন স্যাকি সাংবাদিকদের বলেন, মুরসি ও মুসলিম ব্রাদারহুডের অন্য নেতাদের যেভাবে আটক করে রাখা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তাদের মুক্তি দেয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

মুরসিকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

জনগণের ভোটে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত ৩ জুলাই ক্ষমতা থেকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর থেকে তাকে আটক করে রাখা হয়েছে। তার অবস্থান সম্পর্কে সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের নেতাদের গ্রেপ্তার বন্ধ করতে মিশর কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। তখন মুরসির মুক্তির বিষয়ে কিছু বলা হয়নি।

এদিকে শুক্রবার সকালে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় মুরসিকে মুক্তি দেয়ার দাবি জানায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মুরসির মুক্তির পক্ষে ওই বক্তব্য দেন জেন স্যাকি।

এদিকে মুরসিকে ক্ষমতাচ্যুৎ করার পর তার পক্ষে ও বিপক্ষে রাজপথে পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে। বিক্ষোভ সহিংসতায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।

রমজান মাসের প্রথম শুক্রবার রাজধানী কায়রোয় মুরসির কয়েক হাজার সমর্থক তাকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করে। এ সময় মুরসিবিরোধীরা সমবেত হয় তাহরির স্কয়ারে।