রাশিয়ায় থেকে যেতে চান স্নোডেন
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন শুক্রবার মস্কোর বিমানবন্দরের ট্রানজিট এলাকায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধি এবং আইনজীবীদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, রাশিয়াতেই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় নিতে চান তিনি।
আপাতত কোথায় যাওয়া সম্ভব না হওয়ায় স্নোডেন দ্বিতীয়বার রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র পাসপোর্ট বাতিল করে দেয়ায় মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় গত তিন সপ্তাহ ধরে আটকা পড়ে আছেন স্নোডেন।সেখানে থেকেই ই-মেইলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিসহপ্রায় ১০ জন মানবাধিকার কর্মীকে বৈঠকে যোগ দেয়ার আমন্ত্রণ জানান তিনি।
বৈঠক শেষে রাশিয়ার পার্লামেন্টে ক্রেমলিনপন্থি আইনপ্রণেতা ভাইয়াচেশ্লাভ নিকোনভ স্নোডেনের রাশিয়ায় থাকার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “তিনি (স্নোডেন)রাশিয়া ফেডারেশনে রাজনৈতিক আশ্রয় পাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।”
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র আগের কথারই পুনরাবৃত্তি করে বলেছেন, রাশিয়ায় আশ্রয় নিতে চাইলে স্নোডেনকে আমেরিকার ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।
বৈঠকে স্নোডেন অবশ্য জানিয়েছেন, শেষ পর্যন্ত লাতিন আমেরিকার চলে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।
এর আগে মানবাধিকার কর্মীদের বৈঠক ডেকে হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তাদের কাছে লেখা চিঠিতে স্নোডেন অভিযোগ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তার আশ্রয়লাভের চেষ্টা ঠেকানোর জন্য বেআইনি প্রচার শুরু করেছে।
মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র আর্টিকেল ১৪ অনুযায়ী আশ্রয়লাভের যে অধিকার স্বীকৃত আছে তা হরণ করাকে ‘বেআইনি’ বলে উল্লেখ করেন স্নোডেন।যুক্তরাষ্ট্রের হুমকি সৃষ্টির এ আচরণ নজিরবিহীন বলে স্নোডেন মন্তব্য করেন।
ওই চিঠিতেই স্নোডেন মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে শুক্রবার বৈঠক করার আমন্ত্রণ জানান।
স্নোডেন ইতোমধ্যেই বিশ্বের ২১টি দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। কিন্তু বেশিরভাগ দেশই তার এ আবেদন নাকচ করে দিয়েছে।
