২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে গুলি ও বোমা হামলায় নিহত ৪৪

পুলিশসহ বিভিন্ন লক্ষস্থলে বোমা হামলায় ও বন্দুকধারীদের গুলিবর্ষণে বৃহস্পতিবার ইরাকজুড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jul 2013, 07:05 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

রাজধানী বাগদাদ থেকে ১৮০ কিলোমিটার উত্তরে একটি খনিজ তেল স্থাপনার রক্ষীদের ওপর বন্দুকধারীদের গুলিবর্ষণে ১১ জন নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরপূর্বের মুকদাদিয়া শহরে একটি গাড়িবোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়। আহতদের সরিয়ে নেয়ার সময় এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। এতে আরো বেশ কয়েকজন আহত হন।

পূর্ব বাগদাদে অপর একটি গাড়িবোমা বিস্ফোরণে আরো চারজন নিহত হন বলে হাসপাতাল ও পুলিশ সূত্রগুলো জানিয়েছে।

তিকরিতে টহল পুলিশকে লক্ষ করে রাস্তার পাশে পেতে রাখা তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো হলে তিন পুলিশ সদস্য নিহত হন। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর মসুলে একটি পুলিশি তল্লাশি চৌকি লক্ষ করে তিনটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হলে আরো চার পুলিশ সদস্য নিহত হন।
বৃহস্পতিবার সকালে সুন্নি অধ্যুষিত পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে চালানো এক হামলায় সাত পুলিশ সদস্য নিহত হন।

বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের কিরকুক শহরে বন্দুকধারীরা সরকার সমর্থিত সুন্নি বেসামরিক বাহিনী সাহবা’র একটি তল্লাশি চৌকিতে হামলা চালালে সাহাবার তিন সদস্য নিহত হন। এছাড়া একই শহরে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে সাহাবার অপর এক সদস্য নিহত হন।

২০০৩ সালে সুন্নি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের বিরুদ্ধে চালানো মার্কিন অভিযানের পর থেকে সংখ্যাগরিষ্ঠ শিয়ারা ইরাকে আধিপত্য বিস্তার করে। এরপর থেকে সুন্নি জঙ্গি গোষ্ঠিগুলো শিয়াদের লক্ষ করে হামলা চালাতে থাকে। আধিপত্য নিয়ে শিয়া-সুন্নি দ্বন্দ্বের পাশাপাশি দেশটিতে কুর্দি নৃগোষ্ঠীর পৃথক স্বায়ত্ত্বশাসিত অঞ্চল প্রতিষ্ঠার দাবি আছে।

এছাড়া প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধেরও প্রভাব পড়েছে দেশটিতে। সিরিয়ায় সংখ্যালঘু শিয়ারা ক্ষমতাসীন ও তাদের বিরুদ্ধে লড়াই করছে সংখ্যাগরিষ্ঠ সুন্নিরা। ইরাকের শিয়ারা সিরিয়ার ক্ষমতাসীনদের পক্ষে ও সুন্নিরা সরকারবিরোধী বিদ্রোহীদের পক্ষাবলম্বন করছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী জুনে ইরাকজুড়ে সহিংসতায় ৭৬১ জন নিহত হয়েছে।

সাম্প্রতিক এসব বিস্ফোরণ ও হামলায় দেশটি সামাজিকভাবে শিয়া-সুন্নিতে বিভক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।