ব্রাদারহুডের নেতাদের গ্রেপ্তারের নির্দেশ
মিশরে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদিয়েকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
একইসঙ্গে বাদিয়ের উপ-প্রধান মাহমুদ ইজ্জাত, এসাম আল-এরিয়ান ও মোহামেদ এল-বেলতাগিকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কৌঁসুলির দপ্তর।
তবে দলটির কয়েকজন নেতৃস্থানীয় সদস্যে ইতোমধ্যেই আটক রয়েছে এবং আরো শত শত নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রাদারহুডের এ নেতাদের বিরুদ্ধে গত সোমবার কায়রোয় সংগঠিত সংঘর্ষ উস্কে দেয়ার অভিযোগ আনা হয়েছে।ওই সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়।
এর আগে ৪ জুলাইয়ে এক নিরাপত্তাসূত্র মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের হাতে ব্রাদারহুডের শীর্ষ নেতা বাদিয়ে আটক হওয়ার খবর জানিয়েছিল।কিন্তু পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়নি বলেও খবর পাওয়া যায়। ৬ জুন শুক্রবার মিশর জুড়ে ব্রাদার হুডের বিক্ষোভের দিন বদিয়েকে জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতেও দেখা যায়।
মিশরে প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সরকার গঠনের চেষ্টার মধ্যে বুধবার ব্রাদারহুডের এ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ এল।
মুরসিকে পুনর্বহালের দাবিতে তার সমর্থকদের প্রতিবাদ-বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টায় কর্তৃপক্ষ বাদিয়েসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে বলে মন্তব্য করেছেন ব্রাদারহুডের মুখপাত্র গেহাদ আল হাদ্দাদ।
