২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তাক্ত সপ্তাহ পেছনে ফেলে নির্বাচনমুখী মিশর

উপসাগরীয় দেশগুলোর ৮শ’ কোটি ডলার সাহায্যপুষ্ট মিশরের অন্তবর্তী কর্তৃপক্ষ বুধবার নতুন একটি মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছে। নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার জের ধরে শুরু হওয়া সপ্তাহব্যাপী সহিংসতায় অন্তত ৯০ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jul 2013, 07:19 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

ক্ষমতা হস্তান্তর, ছয়মাসের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের রূপরেখা ইত্যাদি নির্দেশনা সম্বলিত অন্তবর্তী প্রেসিডেন্টের জারি করা ডিক্রি নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র বাদানুবাদ সামনে কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছে।

বর্তমান সময়ে মিশরের ৮ কোটি ৪০ লাখ জনতা আধুনিক ইতিহাসের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি বিভক্ত অবস্থায় আছে। সেই সময়ই বুধবার থেকে শুরু হচ্ছে রমজান মাস। সচরাচর আনন্দমুখর পরিবেশে মুসলিমদের জন্য পবিত্র এই মাস শুরু হলেও গত সাতদিনের ঘটনায় সেই আনন্দ ম্লান হয়ে গেছে।

গরম, ধূলা উপেক্ষা করে উত্তরপূর্ব কায়রোর একটি মসজিদের বাইরে কয়েক হাজার ইসলামপন্থী গত ১২ দিন ধরে জমায়েত হয়ে আছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতায় বহাল না করা পর্যন্ত ফিরবেনা বলে ঘোষণা দিয়েছে তারা।

এর কয়েকশ’ মিটার দূরে একটি সামরিক ঘাঁটি। এখানে মুরসিকে আটক করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর সামনে সোমবার ভোরে সেনাদের গুলিতে ৫৫ জন মুরসি সমর্থক নিহত হন।

মুসলিম ব্রাদারহুড দাবি করেছে, তাদের সদস্যরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করার সময় সেনারা বিনা উস্কানিতে গুলি করে ওদের মেরে ফেলে। অপরদিকে সেনাবাহিনী জানিয়েছে, ইসলামপন্থি সন্ত্রাসীদের হামলার জবাবে গুলিবর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন ৬৫০ জনকে অভিযুক্ত করে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি ও হত্যার অভিযোগ আনা হয়েছে। মিশরের গণমাধ্যমগুলো সোমবারের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছে।

মঙ্গলবার অন্তবর্তী প্রেসিডেন্ট আদলি মনসুর উদারপন্থী অর্থনীতিবিদ হাজেম এল বেবলাওয়িকে অস্থায়ী প্রধানমন্ত্রী ও জাতিসংঘের সাবেক কূটনীতিক মোহম্মদ এল বারাদিকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেছেন।

কিন্তু মিশরের প্রধান উদারপন্থী জোট এল বারাদির ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট্র অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষিত ডিক্রি প্রত্যাখ্যান করে তাতে পরিবর্তন আনার দাবি জানিয়েছে।

মুসলিম ব্রাদারহুডও ডিক্রি প্রত্যাখ্যান করেছে। অতি রক্ষণশীল ইসলামপন্থী দল আল নুর পার্টি প্রাথমিকভাবে অন্তবর্তী রুপরেখা সমর্থন করলেও ডিক্রি জারির পর তারা সন্তুষ্ট নয় বলে জানিয়েছে।

রাজনৈতিক মেরুকরণের অন্যপক্ষ, মুরসিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণ আন্দোলনকারীদের তামারুদ ইয়ং মুভমেন্ট জানিয়েছে, ঘোষিত ডিক্রিতে তাদের প্রত্যাশা পুরণ হয়নি, এর পরিবর্তনের জন্য তারা প্রস্তাব পেশ করবে।