কাশ্মিরে অনুপ্রবেশকালে ‘৫ বিচ্ছিন্নতাবাদী’ নিহত
ভারতের কাশ্মির রাজ্যের উত্তর সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের বন্দুকযুদ্ধে পাঁচ গেরিলা নিহত হয়েছে।
মঙ্গলবার গেরিলাদের একটি দল গোপনে কাশ্মিরের কুপওয়ারা সীমান্ত অতিক্রমের চেষ্টা কালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল এএস পেনধারকার জানান, নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে কেরান সেক্টরের ওস্তাদ সীমান্ত চৌকির সেনারা সতর্ক হয়ে ছিল, এ সময় নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতীয় সীমান্তের ৮শ’ মিটার ভিতরে ভারী অস্ত্রে সজ্জিত আট থেকে নয়জন গেরিলাকে বনের ভিতর দিয়ে এগোতে দেখা যায়।
“সন্ত্রাসীরা তখনি গুলি ছুঁড়তে শুরু করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, এতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। ওই এলাকার ঘন বনের সুবিধা নিয়ে বাকীরা নিয়ন্ত্রণ রেখার দিকে পালিয়ে যায়,” বলেন পেনধারকার।
নিয়ন্ত্রণ রেখার কাছের দুর্গম এলাকায় নিহত গেরিলাদের লাশগুলো পড়ে থাকায় সেগুলো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
