২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরে বিস্ফোরণ

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের বোধিসত্ত্ব লাভের স্থানে অবস্থিত মহাবোধি মন্দিরে পরপর আটটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে দুইজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 05:34 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

রোববার ভোর ৫টার কিছুক্ষণ পর প্রথম বোমাটি বিস্ফোরিত হয়, এরপর ধারাবাহিকভাবে আরো সাতটি বোমার বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতের বিহার রাজ্যের বৌদ্ধগয়া জেলায় মহাবোধি মন্দির অবস্থিত। বিস্ফোরণের কিছুক্ষণ পরে মন্দিরের কাছাকাছি আরো একটি বোমা পাওয়া যায়। উদ্ধারের পর বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিস্ফোরিত বোমাগুলো তেমন শক্তিশালী ছিল না এবং বিস্ফোরণে মন্দির ভবনের কোনো ক্ষতি হয়নি।

বিহার পুলিশ প্রধান অভয়ানন্দ জানিয়েছেন, বৌদ্ধদের অতি পবিত্র বোধিবৃক্ষটির (অশ্বত্থ গাছ) কোনো ক্ষতি হয়নি এবং বৃক্ষটি নিরাপদ আছে।
 

কথিত আছে, এই অশ্বত্থ গাছটির নীচে ধ্যনমগ্ন খাকাকালীন সিদ্ধার্থ গৌতম বোধিসত্ত্ব লাভ করে গৌতম বুদ্ধে পরিণত হন।
 

বিস্ফোরণের সময় মন্দিরে লোকজন তেমন ছিল না। তাই ক্ষতিও তেমন হয়নি। আহত দুজনের মধ্যে একজন মিয়ানমার থেকে আসা ভিক্ষু ও অপরজন এক তীর্থযাত্রী, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, প্রতিদিনের মতো ভোরে মন্দিরে প্রার্থনা করার সময় তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ পান।
 

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর মন্দির এলাকার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
 

বিহারের প্রধান শহর পাটনা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণের বৌদ্ধগয়া শহরে মন্দিরটির অবস্থান। প্রতি বছর জাপান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী মন্দিরটিতে সমবেত হয়।