মিশরে সরকার সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে নিহত ১৪
মিশরে প্রেসিডেন্ট মুরসিবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে মুরসির সমর্থকদের সংঘর্ষে অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনী বুধবার মুরসিকে ক্ষমতাচ্যুত করে সংবিধান স্থগিতের ঘোষণা দেওয়ার পর এই সহিংসতার সৃষ্টি হয়।
সহিংসতায় মিশরের মারসা মাতরো শহরে নিহত হয়েছেন ৮ জন। প্রাদেশিক নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আল আনানি হামুদা জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যও রয়েছেন।
মিশরের ভূমধ্যসাগরতীরবর্তী শহর আলেকজান্দ্রিয়ায় সহিংসতায় ৩ জন নিহত ও অন্ততপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে রাষ্ট্র নিয়ন্ত্রিত এমইএনএ সংবাদ সংস্থা জানিয়েছে।
সহিংসতা সৃষ্টিকারীরা পাথর ও ইটের টুকরো ছোঁড়াছুড়ি করে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে নিরাপত্তারক্ষীরা গুলি ছোঁড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই শহরের নিহতদের মধ্যে একনারী রয়েছেন যাকে ছুরিকাঘাত করা হয়। বাকি দুইজন ছররাগুলির শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শরিফ আবদেলহামিদ বলেন, “আমরা পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করছি। এই অঞ্চলে আমরা নিরাপত্তারক্ষীদের মোতায়েন করেছি।”
মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর মিয়াইয়াতে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন পুলিশও রয়েছেন বলে এমইএনএ সংবাদ সংস্থা জানিয়েছে। শহরটিতে ১৪ জন আহত হয়েছেন।
কায়রোর দক্ষিণাঞ্চলীয় ফায়ুমে কয়েকডজন মানুষ আহত হয়েছেন। শহরটিতে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালায় উত্তেজিত সরকারবিরোধীরা।
তারা সেখানে লুটপাট চালায় এবং কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়।
