ভারতে ক্ষুধামুক্তির বড় ধরনের কর্মসূচি
ভারত সরকার দেশের জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ মানুষের জন্য ভর্তুকিতে খাদ্য দেয়ার বড় ধরনের এক কর্মসূচি চালু করেছে।
খাদ্য নিরাপত্তা অধ্যাদেশের আওতায় দেশটির ৮০ কোটি গরিব মানুষের জন্য প্রতিমাসে পাঁচ কেজি করে সূলভ মূল্যের খাদ্যশস্য সরবরাহ করা হবে।
আগামী বছরের নির্বাচনের আগে এ কর্মসূচি হাতে নিল ভারত।
সস্তায় খাদ্য সরবরাহের এ বৃহৎ কর্মসূচির বিলে পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন না পেয়ে পরে তা অধ্যাদেশ আকারে পাশ করে সমালোচনার মুখে পড়েছেন সরকারের মন্ত্রীরা।
সমালোচকরা বলছেন, পরিকল্পনাটি আগামীতে ভোটের রাজনীতিকে সামনে রেখে নেয়া হয়েছে এবং এতে দেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। তবে অধ্যাদেশের সমর্থকরা বলছেন, এতে করে দারিদ্র অনেকাংশেই কমবে।
বিশ্বের অন্যতম সর্ববৃহৎ জনকল্যাণমূলক স্কিম হিসাবেই দেখা হচ্ছে ভারতের নতুন এ উচ্চাভিলাষী কর্মসূচিকে।
এ কর্মসূচিতে খাদ্যে ভর্তুকি দ্বিগুণ হয়ে এক দশমিক তিন ট্রিলিয়ন রূপি বা ২৩ দশমিক নয় বিলিয়ন ডলারে দাঁড়াবে। এতো বড় অর্থায়ন সরকার কিভাবে করবে সে বিষয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। যদিও সরকার বলছে অর্থয়ন কোনো সমস্যা নয়।
খাদ্য নিরাপত্তা বিলটি ক্ষমতাসীন কংগ্রেসের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং এর ফলে আগামী নির্বাচনে তা কংগ্রেসের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলেও ধারণা করছেন বিবিসি’র দিল্লি প্রতিনিধি সঞ্জয় মজুমদার।
ভর্তুকির পর গ্রাহকরা প্রতি কিলোগ্রাম চাল তিন রূপিতে, গম দুই রূপিতে এবং বজরা (ক্ষুদ্র দানাদার শস্য) পাবে এক রূপিতে।
বিবিসি জানায়, গ্রামাঞ্চলের ৭৫ শতাংশ এবং উপশহর অঞ্চলের ৫০ শতাংশ মানুষ এই ভর্তুকি সুবিধা পাবে।
