২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ১৯ অগ্নিনির্বাপককর্মীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নিনির্বাপক দলের ১৯ সদস্য মারা গেছেন। ওই দাবানলের কারণে অ্যারিজোনার দুটি শহরের অধিবাসীদের জোর করে সরিয়ে নেয়া হয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Jul 2013, 05:47 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

দেশটির দাবানল নিয়ন্ত্রণ বিষয়ক কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।


ফিনিক্সের ৮০ মাইল উত্তরপশ্চিমাঞ্চলীয় ছোট্ট শহর ইয়ারনেলের পাহাড়ে আগুন লাগার ঘটনায় নিয়ন্ত্রণ তৎপরতা চালাতে গিয়ে অগ্নিনির্বাপককর্মীরা মারা যান।


যুক্তরাষ্ট্রের ওয়াইল্ডল্যান্ড ফায়ার অ্যাভিয়েশন সার্ভিসের দেয়া ফেইসবুক পোস্টে বলা হয়েছে, “আমরা নিশ্চিত করছি যে, অ্যারিজোনার ইয়ারনেল পাহাড়ের দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১৯ অগ্নিনির্বাপককর্মী নিহত হয়েছেন।”


নিহতদের বীর আখ্যা দিয়ে তাদের জন্য পরিবারের সদস্য, বন্ধু এবং অন্যান্যদের প্রার্থনা করার আহ্বানও জানানো হয় ওই পোস্টে।


অ্যারিজোনা রাজ্যের ফরেস্ট্রি কমিশনার আর্ট মরিসন সিএনএনকে বলেন, এই অগ্নিনির্বাপক দলটি অভিজাত ‘হট শট’ টিমের সদস্য। তারা দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে প্রাণ হারিয়েছেন।


শুক্রবার থেকে শুরু হওয়া এই দাবানলের কারণে ১ হাজার একর শুষ্ক ঝোঁপ ও ঘাসে ছাওয়া ভূমি দগ্ধ হয়েছে। দাবানলের কারণে তীব্র গরম বাতাস উৎপন্ন হওয়ায় নিকটবর্তী ইয়েরনিল ও পিপলেস ভ্যালি নামক দুটি শহরের অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।


দুটি শহরে প্রায় ১ হাজার মানুষ বসবাস করেন।