‘ইইউ কার্যালয়, নেটওয়ার্কে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্র’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কার্যালয় ও অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র আঁড়ি পেতেছে বলে জানিয়েছে জার্মান সাময়িকী ‘দের স্পিগেল’ (আয়না)। একটি গোপন নথির সূত্রে বিষয়টি তারা জানতে পেরেছে বলে দাবী করেছে সাময়িকীটি।
শনিবার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দের স্পিগেল।
এটি যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা কার্যক্রম ফাঁসের সর্বশেষ ঘটনা।
যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) ২০১০ এর সেপ্টেম্বরের একটি “অতিগোপনীয়” নথির উদ্ধৃতি দিয়ে দেশ পিজে প্রতিবেদনটি প্রকাশ করে। সিআইএ সাবেক গোয়েন্দা ও এনএসএ’র সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন তার সঙ্গে নথিটি নিয়ে এসেছিলেন, আর এর অংশবিশেষ তারা দেখেছেন বলে দাবী করেছে সাপ্তাহিকিটি ।
এনএসএ কিভাবে ইইউ’র বিভিন্ন অফিস এবং ওয়াশিংটন ও জাতিসংঘে ইইউ’র অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে আঁড়ি পেতেছে গোপন ওই নথিতে তার রূপরেখা তুলে ধরা হয়েছে। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্র টেলিফোন কল বা আলাপই শুধু শুনছে না, বিভিন্ন নথি ও ইমেইলেও উঁকি দিচ্ছে।
নথিতে স্পষ্টভাবে ইইউকে “টার্গেট” হিসেবে উল্লেখ করা হয়েছে।
দের স্পিগেলে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তরের এক মুখপাত্রকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি মার্টিন শুলজ বলেছেন, প্রতিবেদনটি সঠিক হলে ইইউ’র সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে “মারাত্মক প্রভাব” পড়বে।
লুক্সেমবুর্গের পররাষ্ট্রমন্ত্রী জ্য অ্যাসেলবর্ন বলেছেন, “প্রতিবেদনগুলো সত্য হলে, বিষয়টি অত্যন্ত বিরক্তিকর হবে।”
দের স্পিগেলে প্রকাশিত তথ্যানুযায়ী, ইউরোপীয় কাউন্সিলের ব্রাসেলস কার্যালয়ের টেলিযোগাযোগ ব্যবস্থাকেও এনএসএ’র লক্ষস্থল করা হয়েছে।
তথ্যের উৎস প্রকাশ না করে সাময়িকীটি জানিয়েছে, পাঁচ বছর আগে ইইউ কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা বেশ কিছু ‘মিস কল’ লক্ষ্য করেন, কলগুলো ব্রাসেলসের ন্যাটো কম্পাউন্ডে অবস্থিত এনএসএ’র দপ্তর থেকে করা হয়েছে বলে শনাক্ত করেন।
বিদেশী গণমাধ্যমে স্নোডেনের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম ফাঁসে ব্যক্তিগত গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
গত মে’তে যুক্তরাষ্ট্রের নাগরিক স্নোডেন গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের কাছে ইন্টারনেট ও ফোনে আঁড়িপাতার যুক্তরাষ্ট্র সরকারের অতি গোপন গোয়েন্দা কার্যক্রমের বিস্তারিত ফাঁস করেন। এর আগেই নিজ দেশ থেকে হংকংয়ে পালিয়ে যান তিনি।
গত সপ্তাহ থেকে তিনি মস্কোর একটি বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছেন। ইকুয়েডরের বামপন্থী সরকার তার দেশে ৩০ বছর বয়সী স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়া যায় কিনা তা বিবেচনা করে দেখছে।
