২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেন ‘এখনো মস্কো বিমানবন্দরে’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেন এখোনো মস্কোর শেরেমেতায়েভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আছেন বলে মঙ্গলবার নিশ্চিত করে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 03:38 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

স্নোডেনকে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে পুতিন একথা জানালেন।

তিনি বলেন, স্নোডেন অবাধে বিমানবন্দর ত্যাগ করতে পারেন।তিনি যত তাড়াতাড়ি গন্তব্য ঠিক করবেন ততই মঙ্গল।

যুক্তরাষ্ট্র এর আগে স্নোডেনকে নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো ঝামেলা চায় না জানিয়ে তাকে হস্তান্তর করার জন্য মস্কোকে আহ্বান জানিয়েছিল।

কিন্তু পুতিন স্পষ্টতই স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার ইঙ্গিত দিয়েছেন।

ফিনল্যান্ড সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিষয়টি ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কে প্রভাব ফেলবে না বলেই তিনি আশা করেন।

স্নোডেনকে পালাতে সহায়তা করার যে অভিযোগ যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে করেছে তা ‘কান্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন পুতিন।

স্নোডেন বিমানবন্দরের ট্রানজিট এলাকায় থাকায় তিনি রাশিয়ায় পদার্পন করেননি এবং এ কারণে তাকে হস্তান্তরের অনুরোধ মানা সম্ভব না বলে যুক্তি দেখাচ্ছেন রাশিয়ার কর্মকর্তারা।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে স্নোডেনের ঘটনায় রাশিয়া মোটেই জড়িত নয়; এমনকি তিনি দেশের মাটিতেও পা দেননি বলে দাবি করেন।স্নোডেন রাশিয়ার সীমান্ত পার হননি বলেও জানান তিনি।

স্নোডেন মস্কোয় নামার পর বিমানবন্দরের ট্রানজিট এলাকায় থাকায় কৌশলগত দিক থেকে তিনি রাশিয়ায় পদার্পণ করেননি- ল্যাভরভ তার কথায় এমন ইঙ্গিতই দিয়েছেন বলে জানান সংবাদদাতারা।

মস্কো বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্নোডেন রোববার বিকালে হংকং থেকে মস্কোয় অবতরণ করেন। উইকিলিক্স ওয়েবসাইট এর ব্রিটিশ আইনজীবী সারাহ হ্যারিসন এ সফরে স্নোডেনের সঙ্গে ছিলেন।

ওই দিনই তার কিউবার রাজধানী হাভানার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তিনি কোনো টিকেট ব্যবহার করেননি।স্নোডেন ভেনেজুয়েলায় যাওয়ার ফ্লাইটে উঠবেন এমন মনে করা হলেও শেষ পর্যন্ত তাও হয়নি।

পুরনো খবর:

‘স্নোডেন রাশিয়ায় প্রবেশ করেননি’