বছর শেষে আবার দেখা দিতে পারে এইচ৭এন৯ ফ্লু
চীনে গত ফেব্রুয়ারিতে ছড়িয়ে পড়া নতুন এইচ৭এন৯ বার্ড ফ্লু’র প্রকোপ সম্প্রতি কয়েকমাসে কমে এসেছে বলে ধারণা করা হলেও বিজ্ঞানীরা সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, বছর শেষে আবারো এর প্রাদুর্ভাব ঘটে তা ছড়িয়ে পড়তে পারে বাইরের দেশগুলোতেও।
চীন এবং হংকং এ গবেষকরা মে মাসের শুরু থেকে এ পর্যন্ত শুধুমাত্র একজনের দেহে এইচ৭এন৯ বার্ড ফ্লু’র সংক্রমণ চিহ্নিত করেছে।এর আগের মাসগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, চীন এবং তাইওয়ান মিলে এ ভাইরাস আক্রান্ত হয় ১৩০ জন।এর মধ্যে মারা যায় ৩৭ জন।
"চীনে গরম কাল সবে শুরু হয়েছে এবং ২০১৩ সালের ৮ মে‘র পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র একজন মানুষের দেহে এর সংক্রমণ পাওয়া গেছে বলে পরীক্ষাগার নিশ্চিত করেছে," গবেষকরা ল্যানসেট চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা লিখেছেন।
তবে তারা বলেন, এইচ৭এন৯ ভাইরাসটি এইচ৫এন১ ভাইরাসের মতো হলে শরৎকালে তা মহামারি আকারে আবার দেখা দিতে পারে।
২০০৩ সালে এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসের আবির্ভাব হয়। এরপর থেকে এখন পর্যন্ত এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ উপাত্ত অনুযায়ী, গত ১০ বছরের মধ্যে এ ভাইরাস সংক্রমণে ৬৩০ জনের মধ্যে ৩৭৫ জন মারা গেছে।
এইচ৫এন১ এ আক্রান্ত হয়ে বেশীর ভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে মিশর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে।
বেইজিং এ চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)এবং হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, এইচ৭এন৯ আপাতত থেমে থাকায় স্বাস্থ্য কর্মকর্তারা পুনরায় এর প্রাদুর্ভাবএবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা ঠেকাতে আলোচনা এবং পরিকল্পনা করার সুযোগ পাবেন।
