২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় পরমাণু আলোচনার প্রস্তাব উত্তর কোরিয়ার

বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার ইচ্ছে পুনর্য্েক্ত করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ পর্যায়ের এক কূটনীতিকের বরাত দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়টি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়া আলোচনায় বসতে চায় বলে প্রস্তাব দেওয়ার কয়েকদিনের মধ্যেই বেইজিং সফর করলেন উত্তর কোরিয়ার প্রথম উপ পররাষ্ট্রমন্ত্রী কিম কি-গোয়ান।

এর আগে চলতি বছরেই দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দেয়া উত্তর কোরিয়ার পারমানবিক যুদ্ধের হুমকিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হয়।

তবে উত্তর কোরিয়ার এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর কোরিয়াকে আলোচনার জন্য অবশ্যই কোনো পদক্ষেপ নিতে হবে, যাতে পারমাণবিক নিরস্ত্রীকরণের দিকে তাদের সদিচ্ছার প্রমাণ পাওয়া যায়।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিকদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই অবস্থান পুনরায় ব্যক্ত করলো।

উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম এর সঙ্গে চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী ঝাঙ ইয়েসুই এর আলোচনার পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার মন্ত্রীকে উদ্ধৃত করে জানায় উত্তর কোরিয়া আলোচনায় আগ্রহী।

কিম তার আগে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী স্থগিত বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় তার দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

"চেয়ারম্যান কিম ইল-সাং এবং সাধারণ সম্পাদক কিম জং-ইল এর শেষ ইচ্ছা ছিল কোরিয়ান উপদ্বীপের পারমানবিক নিরস্ত্রীকরণ," কিমকে উদ্ধৃত করে চীনের মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।

কিম ইল-সাং উত্তর কোরিয়ার স্থপতি। ২০১১ সালে মৃত্যুবরণকারী তার ছেলে কিম জং-ইল এর নেতৃত্বে উত্তর কোরিয়া প্রথম দুই পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলো।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটি তৃতীয় দফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়।