সোমালিয়ার জাতিসংঘ দপ্তরে হামলা,নিহত ২২
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জাতিসংঘ কম্পাউন্ডে বুধবার আত্মঘাতী গাড়িবোমা হামলার পাশাপাশি কয়েকজন বন্দুকধারীর হামলায় ৪ বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হয়েছে।সোমালিয়া সরকারের এক মন্ত্রী একথা জানিয়েছেন।
ভরদুপুরের কিছুক্সণ আগে এ হামলার ঘটনা ঘটে।দপ্তরের ভেতরে এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগাম’(ইউএনডিপি) দপ্তরের প্রবেশপথে আত্মঘাতী এক হামলাকারী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়।এরপর ৪ বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের ওপর গুলি ছুড়তে ছুড়তে দপ্তরের ভেতরে প্রবেশ করে।
সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দিকরিম হুসেইন গুলেদ বলেন, বন্দুকযুদ্ধে জাতিসংঘের ৪ বিদেশি নিরাপত্তাকর্মী, ৪ জন স্থানীয় রক্ষী এবং ৭ জঙ্গি যোদ্ধা নিহত হয়েছে।অন্যদিকে, এম্বুলেন্স সার্ভিসের এক কর্মকর্তা আরো ৭ টি মৃতদেহ পাওয়ার কথা জানান। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়ায় ২২ জনে।
আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দল আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর সরকার-পন্থি বাহিনী জাতিসংঘ কম্পাউন্ডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
সামরিক অভিযান চালিয়ে আল শাবাব জঙ্গিদেরকে মোগাদিসু থেকে হটিয়ে দেয়ার পর জাতিসংঘ দপ্তরে এটিই তাদের প্রথম হামলা।
