২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ১২ বছরব্যাপী যুদ্ধের পর দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে কাতারের দোহায় তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে বলে মঙ্গলবার জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

তালেবানরা কাতারে তাদের প্রথম কার্যালয় খোলার পর যুক্তরাষ্ট্র এই প্রথম বৈঠকে বসতে চলেছে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও এরই মধ্যে কাতারে প্রতিনিধি পাঠিয়ে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন। নেটো বাহিনী আফগানিস্তানের নিরাপত্তাভার আফগান বাহিনীর কাছে হস্তান্তরের দিনেই তিনি এ ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, তালেবানদের সঙ্গে আলোচনার একটি বিষয় হচ্ছে বন্দি বিনিময়। তবে বৈঠকের প্রথম সপ্তাহে মূলত একে অপরের আলোচনার বিষয়বস্তু জানার চেষ্টা চলবে।

তালেবানরা এরই মধ্যে একটি বিবৃতি দেবে। এ বিবৃতিতে তারা অন্য দেশে হামলার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করার বিরোধিতা করাসহ আফগান শান্তি প্রক্রিয়ায় সমর্থন জানাবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

আর যুক্তরাষ্ট্রও আলোচনার শর্ত হিসাবে তালেবানদেরকে সহিংসতা পরিহার করা, আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা ব্যবস্থাসহ আফগান সংবিধান মেনে নেয়ার জন্য চাপ দেবে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগ দীর্ঘ এক পথ পরিক্রমার প্রথম ধাপ।এ যাত্রায় সফল হওয়ার কোনো নিশ্চয়তা নেই।