২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় ‘উড্ডয়ন-নিষিদ্ধ’ এলাকা প্রতিষ্ঠা অবৈধ’

জর্দান থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ও এফ-১৬ যুদ্ধ বিমান পাঠিয়ে প্রতিবেশী সিরিয়ায় ‘বিমান উড্ডয়ন-নিষিদ্ধ’ এলাকা প্রতিষ্ঠার চেষ্টায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jun 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সিরিয়ার উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠার জন্য জর্দানে বিমান বিধ্বংসি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হবে বলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, পশ্চিমা গণমাধ্যমগুলোতে এমন খবর ফাঁস হয়েছে।”

“এটা যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘণ হবে তা বুঝতে আপনাকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ হতে হবে না।”

গত সপ্তাহে বার্ষিক সামরিক মহড়ার নামে আনুষ্ঠানিভাবেই জর্দানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মহড়া শেষেও সামরিক এসব সরঞ্জাম জর্দানে থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশটি।

সিরিয়ার গৃহযুদ্ধে কোনো বিদেশী হস্তক্ষেপের বিরোধী রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর নেয়া তিনটি উদ্যেগে বাধা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষা করেছে দেশটি।