২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাসায়নিক অস্ত্র ব্যবহারের মার্কিন দাবি ভুয়া’

সিরিয়ার বিদ্রোহীদের ওপর আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র হামলার গোয়েন্দা তথ্য-প্রমাণ পাওয়ার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে তা ভুয়া ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে দামেস্ক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

সিরিয়া সরকার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে- হোয়াইট হাউস এমন প্রমাণ রয়েছে বলে জানানোর পর ওবামা সিরীয় বিদ্রোহীদেরকে সরাসরি অস্ত্র সাহায্য সরবরাহের অনুমতি দেন।

এরই প্রতিক্রিয়া সিরিয়া ওই মন্তব্য করল।যুক্তরাষ্ট্রের দাবির নিন্দা করে সিরিয়া সরকার বলেছে, সিরীয় বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণের জন্যই ওয়াশিংটন এ ‘সস্তা কৌশলের’ আশ্রয় নিয়েছে।

উদ্দেশ্য সিদ্ধির জন্য যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র ব্যবহারের অতিরঞ্জিত তথ্য ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যব্হার হয়েছে বলে হোয়াইট হাউজ যে বিবৃতি দিয়েছে তা মিথ্যায় ভরা বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

“দামেস্কের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের এ অভিযোগ ওবামা প্রশাসন তুলেছে সিরীয় বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার ক্ষেত্র সৃষ্টির জন্য,” বলেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

ওদিকে, সিরিয়ার বিদ্রোহীদেরকে যুক্তরাষ্ট্র অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত ব্রিটেন কোনো সিদ্ধান্ত নেয়নি।