২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার স্বাস্থ্যের উন্নতি হলেও অবস্থা ‘গুরুতর’

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার ফুসফুস সংক্রমণ ভালর দিকে যেতে থাকলেও তার অবস্থা এখনো ‘গুরুতর’ বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সরকার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jun 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

প্রেসিডেন্ট জ্যাকব জুমা প্রিটোরিয়ার হাসপাতালে ম্যান্ডেলার সঙ্গে দেখা করেছেন। গুরুতর ফুসফুস সংক্রমণের কারণে গত শনিবার ম্যান্ডেলাকে হাসাপাতালে ভর্তি করা হয়।

জুমা বলেন, তিনি এখনো ম্যান্ডেলার রোগমুক্তির জন্য জনগণকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছেন এবং তার আশু রোগমুক্তি কামনা করছেন।

বুধবার জুমা পার্লামেন্টকে সঙ্কটাপন্ন’ ৯৪ বছর বয়সী নেতার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় খবর জানিয়ে স্বস্তি প্রকাশ করেন।

ওই দিনও প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছিল, ম্যান্ডেলার অবস্থা “গুরুতর তবে স্থিতিশীল আছে।”

দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুখপাত্র ম্যাক মহারাজ স্থানীয় এসএএফএম রেডিওতে বলেছিলেন, ম্যান্ডেলার শারীরিক অবস্থা আগের মতোই ‘গুরুতর’।

কিন্তু বুধবার জুমা জানান, চিকিৎসায় সুফল পাওয়া যাচ্ছে।চিকিৎসকরা ভাল চিকিৎসা করছেন।আর ম্যান্ডেলাও ভালভাবে লড়াই করে সেরে উঠছেন।”

গত ডিসেম্বর থেকে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন ম্যান্ডেলা।

দক্ষিণ আফিকায় বর্ণবাদ প্রথার অবসানের জন্য ম্যান্ডেলার কয়েক দশকের আপোষহীন সংগ্রাম তাকে অবিসংবাদিত নেতায় পরিণত করে। বর্ণবাদ অবসানের পর সব বর্ণের মানুষের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সাম্প্রতিক বছরগুলোতে ফুসফুস সংক্রমণে ব্যাপকভাবে ভূগেছেন ম্যান্ডেলা। দীর্ঘ সাতাশ বছর রোবেন দ্বীপের কারাগারে বন্দি থাকার সময় তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। গত এপ্রিলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা ১০ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে।