২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বিদ্রোহীদের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো সিরিয়ার বিদ্রোহীদের জন্য অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছেন।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 10:05 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

সিরিয়া সরকার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে হোয়াইট হাউস এমন প্রমাণ রয়েছে বলে জানানোর পর ওবামা এ অনুমতি দিলেন।

কি ধরনের অস্ত্র বা সামরিক সাহায্য পাঠানো হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ওবামার মুখপাত্র বেন রোডস।তবে সিরিয়ার বিদ্রোহীদেরকে আগে যে সব সাহায্য পাঠানো হয়েছে এবার তার চেয়ে ভিন্নরকম সাহায্য পাঠানো হবে এবং এ সাহায্য আগের চেয়ে বেশিও হবে বলে জানান তিনি।

রোডস বিস্তারিত না জানালেও যুক্তরাষ্ট্রের গণমাধ্যম প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, সরাসরি এ সাহায্যের মধ্যে খুব সম্ভবত ক্ষুদ্রাস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা হবে।

সিরিয়ার বিদ্রোহীরা এবং রাজনৈতিক বিরোধীদলীয় নেতারা অবিলম্বে বিমান-বিধ্বংসী অস্ত্রসহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে।

কিন্তু হোয়াইট হাউস এমন মারাত্মক ধরনের কোনো অস্ত্র সরবরাহের ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেনি।যুক্তরাষ্ট্রের পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কেবল বলেছেন, সাহায্য সরবরাহে অস্ত্র থাকবে।

কয়েকমাসের তদন্তের পর হোয়ঢাইট হাউস বৃহস্পতিবার উপসংহার টেনে বলেছে, সিরিয়ার আসাদ বাহিনী সীমিত আকারে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।

প্রেসিডেন্ট ওবামা স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে, রাসায়নিক অস্ত্রের ব্যবহার কিংবা সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে রাসায়নিক অস্ত্র হস্তান্তর হলে তা শেষ সীমা হিসাবে গণ্য হবে।

ওবামার উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রোডস জানান, আসাদ সরকার গত বছর বিদ্রোহীদের ওপর কয়েকবার নার্ভ গ্যাস সারিনসহ সীমিত অাকারে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।এতে মৃত্যু হয়েছে ১শ থেকে দেড়শ মানুষের।

রোডস বলেন, আমরা বরাবরই বলে আসছি রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন এবং তা শেষ সীমা ছাড়িয়েছে।

আর তাই প্রেসিডেন্ট ওবামা সিরিয়ার সুপ্রিম মিলিটারি কাউন্সিল(এসএমসি)এবং সিরিয়ান অপজিশন কোয়ালিশনকে সামরিক সহায়তাসহ সাহায্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।