ধৈর্য সীমা ছাড়িয়ে যাচ্ছে: বিক্ষোভকারীদেরকে এরদোয়ানের হুঁশিয়ারি
তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোগান ইস্তাম্বুলের গেজি পার্কে অবস্থান নেয়া বিক্ষোভকারীদেরকে শেষবারের মতো ঘরে ফেরার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার ধৈর্য সীমা ছাড়িয়ে যাচ্ছে।
“আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছি।শেষবারের মতো আমি সতর্ক করছি,” বলেন তিনি।
পার্কটিসহ তৎসংলগ্ন তাকসিম স্কয়ারে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে প্রায় দু’সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে।
সরকার পার্কের গাছ কেটে বিপণীবিতান বানানোর সিদ্ধান্ত পরিহার না করা পর্যন্ত পার্ক ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে বিক্ষোভকারীরা।
বিতর্কিত এ পরিকল্পনা নিয়ে তুরস্ক সরকার ইতোমধ্যেই গণভোট করার প্রস্তাব দিয়েছে।
এ ধরনের ভোট আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও প্রধানমন্ত্রী এরদোয়ান গণভোটের রায়কে সম্মান জানানোর ইঙ্গিত দিয়েছেন।
ফলে আর বিক্ষোভ না করে পার্কে অবস্থানকারীদের ঘরে ফিরে যেতে বলেন তিনি।
অভিভাবকদের উদ্দেশে এরদোয়ান বলেন, “দয়া করে আপনারা আপনাদের সন্তানদের হাত ধরে তাদেরকে এখান থেকে নিয়ে যান।আমরা আর অপেক্ষা করতে পারছি না। কারণ গেজি পার্ক কোনো দখলদার বাহিনীর না।এ পার্ক জনগণের।”
