২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের সিদ্ধান্তে অনড় আদভানি

ভারতের প্রধান বিরোধীদল বিজেপি’র বর্ষিয়ান নেতা এল কে আদভানি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অস্বীকার করেছেন। দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ সত্বেও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।

বিজেপি আদভানির পদত্যাগপত্র প্রত্যাখান করেছে। পদত্যাগ সিদ্ধান্ত ঘোষণার পরপরই সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ নিয়ে দলের জ্যেষ্ঠ নেতার তার দিল্লির বাসায় হাজির হন।

কিন্তু তাদের শত অনুরোধেও নিজের সিদ্ধান্ত পরিবর্তনে রাজি হননি ভারতের অন্যতম ঝানু এ রাজনীতিবিদ।

“বর্তমানে দলের অধিকাংশ নেতা ব্যক্তিগত চাওয়া-পাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন” অভিযোগ করে সোমবার আদভানি দলের সব পদ থেকে পদত্যাগ করেন।

তবে বিতর্কিত নেতা নরেন্দ্র মোদিকে বিজেপির নির্বাচন প্রচার কমিটির প্রধান করার কারণেই তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।

এনডিটিভি সংবাদ চ্যানেল জানিয়েছে, বাসায় উপস্থিত বিজেপি নেতাদের আদভানি বলেছেন, “ভারতের নেতা হিসেবে মোদি উপযুক্ত নন।”

২০০২ সালে গুজরাটে ভয়াবহ হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে ভূমিকার জন্য মোদি বিতর্কিত। ওই সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দাঙ্গা দমনে যথেষ্ট পদক্ষেপ নেননি বলে অভিযোগ আছে।

ওই দাঙ্গায় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল যাদের অধিকাংশিই মুসলিম ধর্মাবলম্বী।

৮৫ বছর বয়সী আদভানি বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য। বিজেপি ক্ষমতায় থাকাকালে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ছিলেন।