২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন গোয়েন্দাগিরি: কাঠগড়ায় ব্রিটিশ সরকার

ইন্টারনেট থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপনে সংগ্রহ করা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যুক্তরাজ্যের নেয়ার খবর প্রকাশের পর এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির এমপিরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jun 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

ফেসবুক, টুইটার, গুগল ও স্কাইপসহ বিশ্বের বড় বড় ইন্টারনেট কোম্পানির সার্ভারে সরাসরি ঢুকে সেখানে থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য নেয়ার খবর সম্প্রতি ফাঁস হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) গোপন কর্মসূচি ‘পিআরআইএসএম’র আওতায় এসব তথ্য সংগ্রহ করত যা যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করা হয় বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়।

এ বিষয়ে এমপিদের প্রশ্নের মুখে সোমবার পার্লামেন্টে ব্যাখ্যা দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ।

তিনি বলেছেন, যুক্তরাজ্যের গর্ভেনমেন্ট কমিউনিকেশন হেডকোয়াটার্স (জিসিএইচকিউ) কোনো ধরনের আইন লংঘন করেনি। তাদের বিরুদ্ধে আইন লংঘনের যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

“যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুক্তরাজ্যের নাগরিকদের সম্পর্কে আমরা কোনো তথ্য সংগ্রহ করে থাকলে তা সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য করা হয়েছে,” বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তবে এমপিদের অভিযোগ, যুক্তরাজ্যের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনলাইন থেকে গোপনে সংগ্রহ করা তথ্য চেয়ে নিলে তা আইনের লংঘন করেছে। কারণ যুক্তরাজ্যের কোনো নাগরিকের ই মেইল বা ইন্টারনেট তথ্য দেখতে হলে সরকারের উচ্চ পর্যা য়ের অনুমতি দরকার হয়।

যুক্তরাজ্যের গোয়েন্দা ও প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান ম্যালকম রিফকাইন্ড বিবিসিকে বলেন, “সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হচ্ছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের কাছে এ সব তথ্য নেয়ার ক্ষেত্রে যথাযথ আইন অনুসরণ করেছে কি না।”

তিনি বলেন, “এ বিষয়ক আইনটি অত্যন্ত পরিষ্কার, ব্রিটেনে বসবাসরত কারো ই মেইলের বিষয়বস্তু সম্পর্কে জানতে হলে গোয়েন্দা সংস্থাগুলোর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিজেদের নাগরিকদের ব্যক্তিগত তথ্য দেখার আইনি সীমাবদ্ধতা থাকলেও বিদেশি নাগরিক এমনকি ব্রিটেনের মতো মিত্র দেশগুলোর নাগরিকদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে গোয়েন্দাদের ওপর কোনো ধরনের বাধা নেই।

গার্ডিয়ানের ভাষ্যমতে যুক্তরাজ্যের জিসিএইচকিউ গত বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৯৭টি গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ করেছে, যা অনলাইনে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।

জিসিএইচকিউ ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করছে বলেও দাবি গার্ডিয়ানের।

তবে জিসিএইচকিউ এক ইমেইল বার্তায় রয়টার্সকে বলেছে, যথাযথ আইন মেনে এবং কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তারা সব কাজ করেছে।