২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মান্ডেলার জন্য দক্ষিণ আফ্রিকানদের প্রার্থনা

ফুসফুসের সমস্যা আবার দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন মান্ডেলার অরোগ্য কামানায় তার জন্য প্রার্থণা করেছেন দক্ষিণ আফ্রিকার নাগরিকরা।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 10:24 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

রোববার মান্ডেলা দ্বিতীয় দিনের মতো হাসপাতালে ছিলেন।

শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দুপুরে তাকে প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

গত ডিসেম্বর থেকে এ নিয়ে মান্ডেলাকে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি করা হল। শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে এক বিবৃতিতে মান্ডেলার অবস্থা “গুরুতর” বলে জানানো হয়।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ প্রথা অবসান ও সংখ্যালঘু শ্বেতকায় শাসনের বিরুদ্ধে মান্ডেলার কয়েক দশকব্যাপী আপোষহীন সংগ্রাম তাকে কিংবদন্তি নেতায় পরিণত করে। বর্ণবাদ অবসানের পর সব বর্ণের মানুষের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রিয় নেতার অসুস্থতায় দক্ষিণ আফ্রিকার নাগরিকরা উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন। তার সুস্থতা কামনায় জোহান্সবার্গের রেজিনা মুন্ডি ক্যাথলিক গির্জায় রোববারের প্রার্থনায় শত শত মানুষ জড়ো হয়।

স্থানীয় বাসিন্দা ম্লুগিসি সেখসানা বলেন, “তার দ্রুত অরোগ্য কামানা করছি আমরা, তিনি আবার সুস্থ হয়ে উঠেবেন। দক্ষিণ আফ্রিকায় তিনি আমাদের জন্য কি করেছেন তা আমরা জানি। সাদা এবং কালো, পুরে জাতি তার সুস্থতা কামনা করছি।”

তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে রোববার সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া কথা রয়েছে।

মান্ডেলার দীর্ঘদিনের বন্ধু এন্ড্রু ম্ল্যানগেনির উদ্ধৃতি দিয়ে দেশটির সানডে টাইমস সংবাদপত্র হেডলাইন করেছে, “এখন সময় তাকে বিদায় জানানোর।”

৯৪ বছর বয়সী মান্ডেলা গত কিছুদিন ধরে একের পর এক শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে ফুসফুসে সংক্রমণই তাকে সবচেয়ে বেশি ভূগিয়েছে।

এপ্রিলে নিউমেনিয়ায় ভুগে দশ দিন তিনি হাসপাতালে ছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট।