২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের দূতকে তলব

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শপথ নেয়ার তিন দিনের মাথায় ড্রোন হামলায় হতাহতের ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে পাকিস্তানের মাটিতে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jun 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত নয় জন নিহত হয়। তৃতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বুধবার নওয়াজ শরীফ শপথ নেয়ার পর দেশটিতে এটাই প্রথম ড্রোন হামলা।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে দ্রুত পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন নওয়াজ, যার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও এটা ছিল অন্যতম।

শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড হোয়াগল্যান্ডকে তলব করে আবারো ড্রোন হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানানো হয়েছে, পাকিস্তান সরকার ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, এ হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লংঘন।”

“অবিলম্বে ড্রোন হামলা বন্ধের গুরুত্বও তার কাছে তুলে ধরা হয়েছে।”

মাত্র ১০ দিন আগে একই ধরনের হামলায় পাকিস্তানি তালেবানের দ্বিতীয় প্রধান ওয়ালি-উর-রহমানসহ সাতজন নিহত হয়।

ড্রোন হামলা নিয়ে সমালোচনার মুখে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাকা ওবামা বলেন, তার দেশ কোনো ‘গুরুতর হুমকির’ মুখে পড়লেই ড্রোন হামলা চালানো হবে।