দক্ষিণের সঙ্গে হটলাইন ফের চালু উত্তর কোরিয়ার
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বন্ধ করে দেওয়া রেডক্রসের হটলাইন টেলিফোন সংযোগ শুক্রবার থেকে আবার চালু করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। পাশাপাশি দক্ষিণের কর্মকর্তাদের সপ্তাহান্তে আলোচনার জন্যও আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
এতে চলতি বছরের প্রথমদিকে একের পর এক যুদ্ধের হুমকি দেওয়ার পর উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে আবার সম্পর্কের উন্নতি করতে চাইছে বলেই ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক প্রকল্পগুলো আবার স্বাভাবিক করার ব্যাপারে আলোচনার প্রস্তাব করে উত্তর কোরিয়া। এই আলোচনার মধ্যে কায়েসং যৌথ শিল্পাঞ্চলও রয়েছে। এপ্রিলে দু’দেশের তুমুল উত্তেজনার মধ্যে এই প্রকল্প বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া।
শুক্রবার ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং এর শীর্ষ বৈঠকের আগে উত্তর কোরিয়া তাদের আগের অবস্থান পরিবর্তন করল।
ওবামার সঙ্গে চিনপিংয়ের বৈঠকে উত্তর কোরিয়ার ফেব্রুয়ারির পারমাণবিক বোমা পরীক্ষা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে হামলার হুমকি ইত্যাদি আলোচনা অন্যতম প্রধান বিষয় হিসেবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গত মার্চে উত্তর কোরিয়া রেডক্রসের হটলাইন টেলিফোন সংযোগে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এরপর সামরিক বাহিনীর ব্যবহৃত অন্য যোগাযোগও বন্ধ করে দেয়।
দুই কোরিয়ার শান্তিপূর্ণ একত্রীকরণ কমিটির এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দুই পক্ষের আলোচনার প্রস্তাবে দক্ষিণ কোরিয়ার অনুকূল সাড়ায় উত্তর অনুপ্রাণিত হয়েছে।
২০১১ সালের পর থেকে দুই কোরিয়ার মধ্যে আর কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি।
