২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে ছাড়লেন পুতিন

স্ত্রী লুদমিলার সঙ্গে ৩০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 07:28 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার বিশ্বের অন্যতম শক্তিধর দেশের এই নেতা ও তার স্ত্রী সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে এক অনুষ্ঠানে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

ওই দিন রাষ্ট্রিয় টেলিভিশনে একসঙ্গে দুজনের এক বিরল উপস্থিতিতে, ‘তারা আর একসঙ্গে থাকছেন না’ বলে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি সত্য”।
পুতিন জানান, দাম্পত্য অবসানের এই সিদ্ধান্তটি তারা দুজনে মিলেই নিয়েছেন।

“ইদানিং আমাদের খুব কমই দেখা-সাক্ষাৎ হত। তাছাড়া আমাদের দুই জনেরই নিজস্ব একটা জীবন আছে।”

পুতিনের এ মন্তব্যে সায় দিয়ে লুদমিলা বলেন, “ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ (পুতিন) পুরোপুরি তার কাজে ডুবে আছেন। আমাদের মেয়েরাও বড় হয়ে গেছে, ওরা ওদের জীবন নিয়ে আছে, আর সত্যি বলতে আমি প্রচারণা পছন্দ করি না।”

পুতিন যোগ করেন, “লুদমিলা আলেকজান্দ্রোভনা ও আমি সারাজীবন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবো, আমি নিশ্চিত।”

১৯৮৩ সালে বয়সে পাঁচ বছরের ছোট বিমানবালা লুদমিলাকে (৫৫) বিয়ে করেছিলেন পুতিন (৬০)। তাদের দুটি মেয়ে রয়েছে।

লুদমিলাকে সাম্প্রতিক সময়ে কমই জনসম্মুখে দেখা গেছে । এনিয়ে রুশ সংবাদ মাধ্যমে বিভিন্ন কথাও ওঠে।

২০১২ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

পুতিন অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন, ২০০৮ সালে সংবাদপত্রে এরকম একটি খবর বের হয়েছিল। তবে খবরটিতে কোনো সত্যতা নেই বলে তখন জানিয়েছিলেন পুতিন।