২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে পুলিশের গুলিতে ৩ রোহিঙ্গা নারী নিহত

মিয়ানমারের রাখাইন প্রদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে অন্ততপক্ষে ৩ রোহিঙ্গা মুসলিম নারী নিহত হয়। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 07:44 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

রোহিঙ্গাদের একটি অস্থায়ী শিবিরে সরিয়ে নিতে চাইলে তারা প্রতিবাদ জানায় বলে বুধবার বিবিসির এক খবরে বলা হয়েছে।

গত বছর মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে ধর্মীয় ও জাতিগত দাঙ্গায় ২ শ’ মানুষ মারা যায়। এর জেরে লাখো মুসলিম রৌহিঙ্গা বাস্তুচ্যুত হয়। তাদের অনেকে আশ্রয় শিবিরে বসবাস করছে।

স্থানীয় অধিবাসীদেরসূত্রে জানা গেছে, ম্রাউক ইউ শহরের নিকটবর্তী গ্রামে পুলিশ আসলে ওখানকার অধিবাসীরা বিক্ষোভ শুরু করে।

রোহিঙ্গাদের ওই এলাকা থেকে একটি অস্থায়ী শিবিরে সরিয়ে নেয়ার পরিকল্পনার অংশ হিসাবে পুলিশ ওই এলাকা থেকে গৃহনির্মাণ সামগ্রী সরিয়ে নেয়। এর প্রতিবাদ জানায় রোহিঙ্গারা।
তবে পুলিশ ঠিক কেন গুলি চালিয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়।

লাখো বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি উপযুক্ত জায়গা বের করার জন্য দাতা সংস্থাগুলো মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার চেষ্টা চালাচ্ছে। কারণ মৌসুমী বৃষ্টিপাত শুরু হলে ওই অস্থায়ী শিবিরগুলো বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে।

মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের নিজেদের নাগরিক বলে স্বীকার করে না। মানবাধিকার গোষ্ঠীগুলো মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে রোহিঙ্গাদের নিপীড়নে সহযোগিতার অভিযোগ করে আসছে।

গত বছর থেকে শুরু হওয়া দেশটিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ধারাবাহিতকায় গত মানে উত্তরাঞ্চলীয় শহর লাসিওতে অন্ততপক্ষে ১ জন নিহত হয়। আর মার্চে দেশটির মধ্যাঞ্চলীয় মিকতিলায় দাঙ্গায় ৪৩ জন নিহত হয়, যাদের অধিকাংশই মুসলিম।