ওকলাহোমায় ফের টর্নেডো, নিহত ৯
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটি ও তার আশপাশের এলাকায় আবারো টর্নেডো আঘাত হেনেছে। এতে এক মা ও তার শিশু সন্তানসহ অন্তত নয় জন নিহত হয়েছেন।
শুক্রবার অন্তত দুটি টর্নেডো ওকলাহোমা সিটি ও তার পার্শ্ববর্তী শহর মুরে আঘাত হানে।
ওকলাহোমা স্টেটের চিকিৎসা বিভাগের কর্মকর্তা এমি এলিয়ট টর্নেডোয় নয় জনের মৃত্যুর কথা জানান।
তিনি বলেন, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
এতে আহত ৪০ থেকে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
মাত্র ১১ দিন আগে এই এলাকায় টর্নেডোর আঘাতে প্রাণ হারায় অন্তত ২৪ জন। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে আবারো দুর্যোগের মুখে পড়লো ওকলাহোমা ও মুরের বাসিন্দারা।
ওকলাহোমা হাইওয়ে পেট্রোলের এক মুখপাত্র জানান, শুক্রবার এক নারী ও তার শিশু সন্তান ওকলাহোমা সিটির পশ্চিমের আন্তঃরাজ্য মহাসড়কে টর্নেডোর কবলে পড়ে। ঝড়ে তাদের গাড়ি উল্টে ঘটনাস্থলেই মা ও শিশুটি নিহত হয়।
নিহতদের মধ্যে একজন ইউনিয়ন সিটির এবং একজন ওকলাহোমা সিটির পশ্চিমের এল রেনো এলাকার বলে জানা গেছে।
ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হওয়া গাড়ি ও আহতদের উদ্ধারকাজ চালানোর জন্য ওই আন্তঃরাজ্য মহাসড়কটি বন্ধ রাখা হয়।
আন্তঃরাজ্য মহাসড়কে আঘাত হেনে টর্নেডোটি ওকলাহোমা সিটির দিকে এগিয়ে যায়। অপর একটি টর্নেডো সিটির মুর এলাকায় আঘাত হানে।
ওকলাহোমার গভর্নর ম্যারি ফালিন জানান, মহাসড়কে টর্নেডোর মুখোমুখি হলে টর্নেডো যে পাশ থেকে আসছে তার বিপরীত পাশে চলে যাওয়া উচিত।
তিনি বলেন, “গত সপ্তাহে মুরের টর্নেডো ও অন্যান্য টর্নেডোর অভিজ্ঞতায় দেখা গেছে মহাসড়কে গাড়ির মধ্যে থাকা মানুষজনই বেশি টর্নেডোর শিকার হয়।”
ঝড় চলাকালে ওকলাহোমা সিটির উয়িল রজার্স বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
ওকলাহোমার গ্যাস ও বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, টর্নেডোর কারণে ওকলাহোমা সিটির ৫৩ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
এছাড়া বৃহস্পতিবার অন্য একটি টর্নেডো ওকলাহোমা ও আরকানসাস রাজ্যে আঘাত হানে। এতে আরকানসাসের এক কাউন্টি শেরিফ নিহত এবং আরেক জন নিখোঁজ হন।
আরকানসাসের স্কট কাউন্টির শেরিফ কোডি কার্পেন্টারের মৃতদেহ শুক্রবার সকালে খুঁজে পাওয়া যায়।
