পাকিস্তানে ড্রোন হামলায় তালেবান কমান্ডার নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বুধবার মার্কিন চালক-বিহীন বিমান (ড্রোন)হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের(টিটিপি)দ্বিতীয় প্রধান কমান্ডার ওয়ালি উর রেহমান নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিন নিরাপত্তা কর্মকর্তা।
পাকিস্তানে ১১ মে’র নির্বাচনে নওয়াজ শরীফের বিজয়ের পর চালানো প্রথম এ ড্রোন হামলায় রেহমানসহ আরো ৭ জন নিহত হয়েছে।
রেহমান পাকিস্তানের তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের উত্তরসূরি হওয়ার পথে ছিলেন বলে গত ডিসেম্বরে জানিয়েছিলেন দক্ষিণ ওয়াজিরিস্তানের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এ ড্রোন হামলা জঙ্গিদের জন্য একটি বড় ধাক্কা বলে বর্ণনা করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা।
পাকিস্তানি তালেবান আফগান তালেবানের সঙ্গে জোটবদ্ধ একটি আলাদা দল।এটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত(টিটিপি)।দলটি পাকিস্তানের সামরিক বাহিনী এবং নাগরিকদের ওপর হামলা চালিয়ে আসছে।
পাকিস্তানি তালেবানের মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান বলেছেন, দলটি ওয়ালি-উর রেহমানের মৃত্যুর খবর নিশ্চিত করে নি।পাকিস্তান সরকারও তার মৃত্যুখবর নিশ্চিত করেনি।
তবে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসীরা হামলার পর শুরু করা উদ্ধার অভিযানে ৭ টি মৃতদেহ পেয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার এক অধিবাসী।
