৯০ আফগানকে আটকে রেখেছে ব্রিটিশ সেনারা
আফগানিস্তানের ক্যাম্প ব্যাসনে ব্রিটিশ সেনারা ৮০ থেকে ৯০ জন আফগান নাগরিককে অবৈধভাবে আটকে রেখেছে।যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হামন্ড এ খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
আটক ৮ আফগান নাগরিকের ব্রিটিশ আইনজীবীরা জানিয়েছেন, তাদের মক্কেলদের বিনা অভিযোগে গত ১৪ মাস ধরে আটক রাখা হয়েছে। এভাবে আটক রাখা আইনসম্মত নয়।
আইনজীবীরা এ ঘটনাকে কিউবার গুয়ানতানামো বে'র বন্দিশিবিরের সঙ্গে তুলনা করেছেন এবং যুক্তরাজ্যের হাইকোর্ট এসব বন্দিকে মুক্তি দেয়ার ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন।তবে হামন্ড বলছেন, বন্দিদের ছেড়ে দিলে ব্রিটিশ সেনারা ঝুঁকিতে পড়বে।
আফগানিস্তানে ব্রিটিশ বাহিনী কোনো সন্দেহভাজনকে ৩৬ ঘণ্টার আটকে রাখতে পারে।তবে ব্যাতিক্রমী কোনো ঘটনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আরো দীর্ঘ সময়ও কাউকে আটক রাখার নিয়ম আছে।
বিবিসি’র হাতে আসা নথিতে দেখা গেছে, ক্যাম্প ব্যাসনের বন্দিশিবিরে আটক রয়েছে ৮৫ জন সন্দেহভাজন আফগান।আটক ৮ আফগান নাগরিকের ব্রিটিশ আইনজীবীরা জানিয়েছেন, হেলমান্দ এবং কান্দাহারের বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে তাদের মক্কেলদের আটক করা হয়েছে।বিনা অভিযোগে ১৪ মাস ধরে তারা আটক রয়েছে।
